…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

শান্তি আলোচনার রাতেই কিয়েভের দুই বড় সেতুতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক
শান্তি আলোচনার রাতেই কিয়েভের দুই বড় সেতুতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি বড় সেতু আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো। নিপ্রো নদীর ওপরের নর্দার্ন ও সাউদার্ন সেতু দুটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা চলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার খবর এল।

সোমবারের অনলাইন আলোচনায় অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এবং ইউরোপের প্রতিনিধিরা। আলোচনাকে ‘সহজ নয়’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি। তবে অংশগ্রহণকারীরা বার্লিনে ইউক্রেনের সমর্থক দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে তিনি জানান।

রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয়ভাবে চলছে এবং আমরা আশা করি, এই প্রচেষ্টা ব্যর্থ হবে না।’ একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া সোমবার রাতে ও মঙ্গলবারজুড়ে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সহায়তার জন্য আরও অনেক কিছু করা দরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, মস্কোর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য ইউরোপ প্রথমবারের মতো পূর্ণ প্রতিনিধিদল নিয়ে এই আলোচনায় উপস্থিত ছিল, যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো রয়েছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়া প্রতি মাসে ‘কয়েক ডজন ক্ষেপণাস্ত্র’ পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের দূত জ্যারেড কুশনার বলেন, ওয়াশিংটন ইউক্রেনকে ‘শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা’ দিতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথও রয়েছে। ন্যাটো ‘ইউরোপীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে’ বলেও তিনি জানান এবং শিগগিরই আরেকটি বহুপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন। কুশনার এক্সে লিখেছেন, একটি চুক্তির দিকে অগ্রগতি হলেও ‘গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে এবং চূড়ান্ত চুক্তির জন্য কঠিন সিদ্ধান্ত লাগবে’। তিনি ও উইটকফ ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভের সঙ্গেও পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলেছেন।

তবে মস্কো বলেছে, ইউরোপের অংশগ্রহণ নিয়ে তারা সম্মত হয়নি। উশাকভ বলেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান প্রতিনিধিদলের বাইরে আলোচনা সম্প্রসারণে রাশিয়া রাজি হয়নি এবং পরবর্তী দফার কোনো তারিখও নির্ধারিত হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া অস্থায়ী যুদ্ধবিরতির বদলে দীর্ঘস্থায়ী শান্তি চায়, যা ‘বছর, এমনকি শতাব্দী’ ধরে টিকবে; আলোচনা জটিল এবং এতে যথেষ্ট সময় লাগতে পারে বলেও তিনি জানান।

গত সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা নয় মাসের মধ্যে প্রথমবার একসঙ্গে বৈঠক করেন। সেই আলোচনায় বন্দী বিনিময়ের একটি চুক্তি হলেও যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। উইটকফ ও কুশনার পরে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএনটি বলেছেন, ‘রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।’ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সোমবারের বৈঠকের আগে তিনি জানান, রাশিয়ার ওপর ১১৩টি নতুন নিষেধাজ্ঞা চাপ বজায় রাখার উদ্দেশ্যে আনা হয়েছে। ইউক্রেনের অর্থায়ন ও সামরিক সহায়তা নিশ্চিত করা এবং ইইউ সদস্যপদের পথে অগ্রগতি নিয়েও কাজ চলছে বলে তিনি বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। সাংবাদিকদের তিনি বলেন, তাঁর বিশ্বাস পুতিন যুদ্ধ শেষ করতে চান। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি কিছুটা পিছু হটছেন। সত্যি বলতে, আমার মনে হয় তিনি এটা শেষ হতে দেখতে চান।’

এরপর সোমবার গভীর রাতে কিয়েভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেয়র ক্লিচকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নিপ্রো নদীর ওপরের নর্দার্ন ও সাউদার্ন সেতু আঘাতপ্রাপ্ত হয়েছে এবং শহরের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবস্থায় ক্ষতি’ হয়েছে। কিছু এলাকায় পানি ও তাপ সরবরাহে বিঘ্ন ঘটছে বলেও তিনি জানান। কর্মকর্তারা জানিয়েছেন, রাতের হামলায় কিয়েভের ভূ-পৃষ্ঠের কিছু মেট্রো সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে; বিমান হামলার সময় বাসিন্দারা সাধারণত শহরের ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নেন। নিপ্রো নদীর ওপর আটটি বড় সেতু শহরের পশ্চিম ও পূর্ব অংশকে যুক্ত করেছে এবং আনুমানিক ৩০ লাখ বাসিন্দা যাতায়াতে এসব সেতুর ওপর নির্ভর করেন। অক্টোবরেও রাজধানীর কয়েকটি বড় সেতু রাশিয়ার ড্রোন হামলার লক্ষ্য হয়েছিল।

অন্যদিকে, টানা দ্বিতীয় দিন রাশিয়ার সঙ্গে দখলকৃত ক্রিমিয়াকে যুক্ত করা কের্চ সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের মস্কো-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ। টেলিগ্রামে তিনি জানান, সেতু দিয়ে যান চলাচল স্থগিত করা হয়েছে। ২০১৪ সালে উপদ্বীপটি দখল ও সংযুক্ত করার পর রাশিয়া এই সেতুটি নির্মাণ করে এবং ২০১৮ সালে পুতিন জাঁকজমকের সঙ্গে এর উদ্বোধন করেন। আকাশ ও সামুদ্রিক প্রতিরক্ষার একাধিক স্তরে সুরক্ষিত সেতুটিতে সর্বশেষ হামলার তীব্রতা এখনো স্পষ্ট নয়।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৯টি ড্রোন ও চারটি ফ্লেমিঙ্গো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে; মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের ভাষ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় ৬০০টি ছিল রাজধানীমুখী। মস্কোর দাবি, যুদ্ধ শুরুর পর এটিই ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। এ ছাড়া চেরকাসি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এ মাসের শুরুতে দক্ষিণ ইউক্রেনের কামিশুভাখা গ্রামে রাশিয়ার হামলায় চূড়ান্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে এবং এখনো চারজন নিখোঁজ রয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলাগুলোর একটি। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা, জিমনেসিয়ামের কর্মী, ইউটিলিটি কর্মী ও চিকিৎসাকর্মী রয়েছেন বলে ইউক্রেনের পুলিশ জানিয়েছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এখন রাশিয়ার দখলে রয়েছে এবং পূর্ব দনবাসের যেসব এলাকা এখনো কিয়েভের নিয়ন্ত্রণে আছে, সেগুলো ছেড়ে দেওয়ার পুতিনের দাবি ইউক্রেন প্রত্যাখ্যান করেছে। পরিকল্পিত বার্লিন বৈঠকে ইউক্রেন ও তার সমর্থকদের পরবর্তী আলোচনার পদক্ষেপ ঠিক করার সুযোগ থাকলেও, তাদের প্রস্তাবিত প্রতিনিধিত্বে পরবর্তী আলোচনায় বসতে রাশিয়া এখনো সম্মত হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…