পূর্বাচলে অনুমোদনহীন প্লট বিক্রি বন্ধের দাবি ডেভেলপারদের সংগঠনের
রাজধানীর পূর্বাচল ও আশপাশের এলাকায় রাজউকের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের নামে প্লট বিক্রির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।
সংগঠনটির অভিযোগ, কিছু প্রতিষ্ঠান রাজউকের অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি ও বুকিং কার্যক্রম চালাচ্ছে।
বিএলডিএ বলছে, এতে প্রতারণার ঝুঁকিতে পড়ছেন সাধারণ ক্রেতারা এবং অনেকে কষ্টার্জিত অর্থ হারানোর আশঙ্কায় রয়েছেন।
সংগঠনটির মতে, অনুমোদনহীন এসব প্রকল্প শুধু আবাসন-সংক্রান্ত আইন ও বিধিবিধানের লঙ্ঘন নয়; পূর্বাচলের পরিকল্পিত নগরায়ণ, মাস্টারপ্ল্যান অনুযায়ী ভূমি ব্যবহার, জলাশয় সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্যের জন্যও এগুলো হুমকি।
বিএলডিএ জানায়, নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে রাজউকের অনুমোদনসহ নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হয়। অথচ কিছু প্রতিষ্ঠান কোনো ধরনের কার্যকর জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে প্লট বিক্রি, বুকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সংগঠনটির ভাষ্য, এতে বৈধ আবাসন ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে পূর্বাচল ও সংলগ্ন এলাকায় পরিচালিত সব আবাসন প্রকল্পের অনুমোদন ও আইনগত বৈধতা যাচাই করে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছে বিএলডিএ।
পাশাপাশি রাজউকের অনুমোদনহীন প্রকল্পে প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
অনুমোদন ছাড়া প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারক চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া এবং এসব প্রকল্পের সাইনবোর্ড ও বিজ্ঞাপন অপসারণেরও দাবি জানানো হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম ঠেকাতে নিয়মিত নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। বিএলডিএর সচিব একেএম নওশেরুল আলমের পক্ষ থেকে পাঠানো এক বক্তব্যে এসব দাবি জানানো হয়।


