শিশুর কান্নায় মহাসড়কের পাশে বাস থেকে নামিয়ে দেওয়া হলো আদিবাসী মাকে, চালক চাকরিচ্যুত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ২২ মাস বয়সী শিশুর কান্নার কারণে এক আদিবাসী মা ও তাঁর পরিবারকে চলন্ত বাস থেকে মহাসড়কের পাশে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যের পরিবহন বিভাগ ঘটনাটি তদন্ত করছে এবং সংশ্লিষ্ট বাসচালক আর ওই অপারেটরের চাকরিতে নেই বলে জানানো হয়েছে।
উইরাজুরি সম্প্রদায়ের নারী কানিশা লি উইলিয়ামস রোববার তাঁর ছোট মেয়ে অড্রিয়া ও মা তামারাকে নিয়ে সিডনি থেকে রিভারিনা অঞ্চলের ডার্লিংটন পয়েন্টে বাড়ি ফিরছিলেন। ওয়াগা ওয়াগা থেকে ১৫৫ কিলোমিটার পশ্চিমের এই শহরে যাওয়ার পথে তাঁরা সিডনি থেকে ট্রেনে ওয়াগা ওয়াগা আসেন, সেখান থেকে এনএসডব্লিউ ট্রেনলিংকের আঞ্চলিক বাসে ওঠেন; তাঁদের টিকিট ছিল হে পর্যন্ত।
পরিবারটি সিডনিতে একটি পারিবারিক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। বাস ছাড়ার প্রায় ১৫ মিনিট পর কুলামন রোডে চালক বাস থামিয়ে উইলিয়ামসকে বলেন, শিশুটি কাঁদছে বলে তিনি বাস চালাতে পারছেন না, তাঁদের নেমে যেতে হবে।
উইলিয়ামস বলেন, মেয়ে অস্থির হয়ে উঠলে তিনি তাকে কোলে বসিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলেন, শিশুটি শান্ত হতে শুরু করেছিল। তাঁর ভাষায়, ‘আমি ভেবেছিলাম, আমরা থামলাম কেন? ভাবিনি তিনি আমার কাছেই আসছেন। তিনি এসে বললেন, এই শিশু কাঁদলে আমি বাস চালাতে পারব না, আপনাদের নামতে হবে। আমি তাঁর দিকে তাকালাম, মেয়ের দিকে তাকালাম, আমার চোখ পানিতে ভরে উঠল।’
তিনি আরও বলেন, চালক তাঁদের কোনো আগাম সতর্কবার্তা দেননি। ‘আমরা আক্রমণাত্মক ছিলাম না, আমরা হতবাক ছিলাম… একটি ছোট্ট শিশুকে সত্যিই কান্নার জন্য বাস থেকে নামিয়ে দেবেন? ওর বয়স ২২ মাস, ও ক্লান্ত, অতিরিক্ত উত্তেজিত, বাসে থাকতে চাইছে না… আমাদের কাছে খাবার কম ছিল, পানি ছিল না। আমরা গাড়ি পাব কি না, তিনি তা-ও জিজ্ঞেস করেননি, সরাসরি নামিয়ে দিয়েছেন।’
উইলিয়ামসের অভিযোগ, ফোনের চার্জ প্রায় শেষ হয়ে আসা অবস্থায় বিকল্প যানবাহনের কোনো ব্যবস্থা ছাড়াই তাঁদের রাস্তার পাশে নামিয়ে দেওয়া হয়। পরে ফোন চার্জ করার জায়গা খুঁজে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন; স্বজনেরা দুই ঘণ্টার বেশি গাড়ি চালিয়ে এসে তাঁদের নিয়ে যান।
বাসের তিন আসন পেছনে বসা ১৪ বছর বয়সী কিশোরী অ্যালেক্সিস লংডন গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেন, ওয়াগা ছাড়ার কিছুক্ষণ পর চালক বাস থামিয়ে মাকে শিশুকে শান্ত করতে নেমে যেতে বলেন, কারণ এটি নাকি চালকের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করছিল। ‘তিনি নেমে গেলেন, কিন্তু শিশুকে শান্ত করতে পারলেন না। আমরা পাঁচ মিনিটের মতো অপেক্ষা করলাম, তারপর তিনি বাসে উঠে তাঁদের ছাড়াই চলে গেলেন,’ বলেন লংডন।
ঘটনার পর উইলিয়ামস এনএসডব্লিউ পরিবহনমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ লিখে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন, যার মধ্যে সব সিসিটিভি ফুটেজ পরীক্ষার আহ্বানও রয়েছে। গার্ডিয়ান অস্ট্রেলিয়ার দেখা ওই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, চালকের আচরণ ট্রেনলিংক ও পরিবহন বিভাগের নীতি ও মানদণ্ড মেনে হয়েছে কি না, এবং এমন ঘটনা কোনো অ-আদিবাসী পরিবারের সঙ্গে ঘটত কি না।
মঙ্গলবার রাজ্যের আঞ্চলিক পরিবহনমন্ত্রী জেনি এইচিসন বলেন, তাঁর দপ্তর সহায়তার জন্য উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করেছে এবং ‘এই চালকের কথিত আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘একজন মা ও তাঁর ছোট শিশুর সঙ্গে এমন খারাপ আচরণ অত্যন্ত হতাশাজনক, যে সেবা ব্যবহারের পূর্ণ অধিকার তাঁদের ছিল। আমাদের বাসচালকদের কাছ থেকে আমরা এমন সেবা আশা করি না।’ তিনি পরিবারটির সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশের আশা প্রকাশ করেন এবং জানান, তাঁকে জানানো হয়েছে, বাসচালক আর কোচ অপারেটরের চাকরিতে নেই।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউর এক মুখপাত্র বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, রোববার ডাইসন পরিচালিত ওয়াগা ওয়াগা থেকে মিলডুরাগামী এনএসডব্লিউ ট্রেনলিংক কোচ সেবায় যাত্রীদের নিয়ে একটি ঘটনার বিষয়ে বিভাগ অবগত রয়েছে। বিভাগটি আরও বলেছে, যাত্রী নিরাপত্তাই তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।




