জাপানের সুইকা কার্ডের পেঙ্গুইন মাসকট বিদায় নিচ্ছে, বুধবার ঘোষণা আসছে নতুন চরিত্রের

জাপানে ট্রেনযাত্রীদের দুই দশকের বেশি সময়ের সঙ্গী সুইকা পেঙ্গুইন এবার বিদায় নিচ্ছে। প্রিপেইড স্মার্ট কার্ড সুইকার মাসকট হিসেবে ছোট্ট কালো-সাদা পাখিটিকে ২০০১ সালে গ্রহণ করেছিল জাপানের অন্যতম বড় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি বা জেআর ইস্ট। কার্ডে পেঙ্গুইনটিকে হাসিমুখে হাত নেড়ে হেঁটে যেতে দেখা যায়।
জেআর ইস্ট গত বছর চরিত্রটির অবসরের ঘোষণা দেয়। এরপর গত সেপ্টেম্বরে নতুন মাসকট বেছে নিতে আন্তর্জাতিক পর্যায়ে গণভোটের আয়োজন করে কোম্পানিটি।
বুধবার কোম্পানিটি ঘোষণা করবে, পেঙ্গুইনের জায়গায় কোন নতুন চরিত্র আসছে। মাসকটপ্রিয় দেশ জাপানে এই বদল নিয়ে অনেকেরই জোরালো মতামত রয়েছে।
সোমবার বিকেলে টোকিওর দক্ষিণ-পশ্চিমে সাকুরাগিচো রেলস্টেশনে সুইকা পেঙ্গুইনের পণ্য বিক্রির একটি দোকানে ক্রেতারা পরিচিত চরিত্রটি হারানোর আক্ষেপ প্রকাশ করেন।
এরিকো ইনোউয়ে নামের ৫০ বছর বয়সী একজন খণ্ডকালীন নার্সারি শিক্ষক বলেন, চরিত্রটির ‘গ্র্যাজুয়েশনের’ ঘোষণা শুনে তিনি সত্যিই ধাক্কা খেয়েছিলেন। অবসরের পর কিছু পণ্য বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কায় তিনি আগেভাগেই পেঙ্গুইনের পণ্য কিনে রাখছিলেন।




