চিনিকল আধুনিকায়নে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি, লিখিত প্রস্তাব চেয়েছে বিএসএফআইসি
দেশের সচল চিনিকলগুলোর আধুনিকায়ন এবং বন্ধ হয়ে থাকা কারখানাগুলোতে নতুন উৎপাদন ইউনিট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানি প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন।
আখ মাড়াইয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি কয়েকটি চিনিকলে বিদ্যুৎ ও শিল্পখাতে ব্যবহারযোগ্য অ্যালকোহল উৎপাদনের পরিকল্পনাও হাতে নিয়েছে।
এ লক্ষ্যে গত সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে মারুবেনির একটি প্রতিনিধিদল।
আলোচনায় মারুবেনি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন বিভাগের মহাপরিচালক তোমোইউকি কাকিউচি এবং বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা। বিএসএফআইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান মো. শামসুজ্জামানসহ পরিচালক আব্দুল আলীম খান ও তাহমিনা আক্তার বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএসএফআইসি চেয়ারম্যান জানান, আলোচনা এখনো প্রাথমিক স্তরে আছে এবং জাপানি কোম্পানিটিকে একটি লিখিত প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘বিনিয়োগসংক্রান্ত লিখিত প্রস্তাবনা দিলে আমরা এটা সক্রিয়ভাবে বিবেচনা করব।’
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পরিসংখ্যান বলছে, দেশে বার্ষিক চিনির চাহিদা ২০ লাখ মেট্রিক টনের বেশি, যার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
অথচ বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন ১৫টি চিনিকলের মধ্যে ৬টিই পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ পড়ে আছে, আর চালু থাকাগুলোর অধিকাংশই চলছে ধুঁকে ধুঁকে। একসময় এই ১৫টি মিলের বার্ষিক চিনি উৎপাদন সক্ষমতা ২ লাখ ১০ হাজার টন থাকলেও তা ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সচল ৯টি চিনিকলে উৎপাদন নেমে এসেছে মাত্র ৪৬ হাজার টনে।
উৎপাদনে এই ধসের কারণে ওই অর্থবছরে সংস্থাটিকে ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকার বড় লোকসান গুনতে হয়েছে। তবে চালু থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যতিক্রম হিসেবে কেবল কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৯৭ কোটি ৮ লাখ টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়।
বিএসএফআইসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, মারুবেনি করপোরেশন তাদের অঙ্গপ্রতিষ্ঠান মারুবেনি প্রোটেকস করপোরেশনের মাধ্যমে এই বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করতে চায়। বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পকারখানার যন্ত্রপাতি সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন কেন্দ্র নির্মাণে মারুবেনি প্রোটেকস কাজ করে থাকে বলে কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। এই যৌথ প্রয়াসে মারুবেনির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত থাকছে থাইল্যান্ডের সুটেক ইঞ্জিনিয়ারিং। বিএসএফআইসি ও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে যৌথ উদ্যোগে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।
শুধু কারখানা নির্মাণ বা সংস্কার নয়, আখের ফলন ও আখ থেকে চিনি পাওয়ার হার বাড়াতে আধুনিক চাষপদ্ধতি চালু এবং টিস্যু কালচার পরীক্ষাগার স্থাপনের প্রস্তাবও দিয়েছে মারুবেনি। এ ছাড়া কারখানার শ্রমিক এবং আশপাশের এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০ শয্যার তিনটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও বিএসএফআইসিকে জানিয়েছে তারা।
বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামসুজ্জামান উল্লেখ করেন, আলোচনায় চালু ও বন্ধ সব মিলিয়ে ১৫টি চিনিকলের সম্ভাবনা নিয়েই কথা হয়েছে, তবে কোন কারখানায় কী করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। মারুবেনিও তাদের সুনির্দিষ্ট প্রস্তাবের রূপরেখা এখনো স্পষ্ট করেনি।
বন্ধ চিনিকল ইজারা নেওয়া বা সেখানে অন্য পণ্য উৎপাদনে দেশীয় শিল্পগোষ্ঠীগুলোর আগ্রহের প্রেক্ষাপটে উন্মুক্ত দরপত্র হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি এখনো দরপত্রের পর্যায়ে যায়নি। দেশীয় উদ্যোক্তাদের প্রস্তাবও বিবেচনায় রাখা হবে। আমাদের সবকিছুর মধ্যে কিন্তু প্রথম লক্ষ্য হচ্ছে, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করা।’


