রাতের ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিমিয়া–রাশিয়া সংযোগকারী কের্চ সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত, যান চলাচল বন্ধ

রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী কের্চ সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এই হামলাকে ক্রেমলিনের জন্য প্রতীকী আঘাত হিসেবে বর্ণনা করেছেন।
ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের একটি ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র সড়ক ও রেল ক্রসিংয়ে আঘাত হানার কয়েক সেকেন্ড আগের দৃশ্য, এরপর বিস্ফোরণ ঘটে। সোমবার সেতুর মাঝের অংশের একটি খিলানে হামলার পর এই হামলা হলো।
মঙ্গলবারের ছবিতে দেখা গেছে, ২২৭ মিটার দীর্ঘ সড়ক খিলানের একটি অংশ কের্চ প্রণালীতে পড়ে গেছে; এই প্রণালী আজভ সাগরকে কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত করেছে। পাশের রেল খিলানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্রিমিয়ার ক্রেমলিননিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ নিশ্চিত করেছেন, সোমবার সাময়িকভাবে বন্ধ থাকা সেতুটি আর ব্যবহারযোগ্য নেই। তিনি পোস্টে লিখেছেন, শত্রু আবার ক্রিমিয়ান সেতুতে হামলা করেছে এবং এই মুহূর্তে যান চলাচল স্থগিত রয়েছে।
টেলিগ্রামে তিনি ক্রিমিয়ার বাসিন্দা ও দর্শনার্থীদের সেতুর দিকে ভ্রমণ থেকে বিরত থাকতে এবং রুট পরিকল্পনায় এই বিধিনিষেধ বিবেচনায় নিতে বলেছেন।
ইউক্রেনীয় ভাষ্যকারদের মতে, বিশাল ইস্পাতের খিলানটি সহজে প্রতিস্থাপন করা যাবে না। সেতু বন্ধ থাকায় ক্রিমিয়া থেকে যানবাহন এখন কেবল দখলকৃত দক্ষিণ ইউক্রেনের মধ্য দিয়ে স্থলপথে উপদ্বীপের বাইরে যেতে পারবে, যে পথ ইউক্রেনের ড্রোনের ঝুঁকিতে রয়েছে।
ধ্বংসাবশেষ সেতুর নিচের প্রধান নৌপথও বন্ধ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে; এই পথ দিয়ে আজভ সাগর এবং বেরদিয়ানস্ক ও মারিউপোল বন্দর থেকে জাহাজ চলাচল করে। চ্যানেলটি ১২০ মিটার চওড়া ও ৮ দশমিক ৩ মিটার গভীর।
২০১৪ সালে ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া দখলের আট বছর পর নির্মিত এই সেতুকে ইউক্রেন অবৈধ বলে ঘোষণা করেছে। এর আগে ২০২২ সালে ট্রাক বোমা এবং পরের বছর সমুদ্র ড্রোন দিয়ে সেতুটি ধ্বংসের চেষ্টা করা হয়েছিল।
একই রাতে রুশ বাহিনী কিয়েভে নিপ্রো নদীর ওপরের দুটি বড় সেতুতে আঘাত হেনেছে বলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানিয়েছেন; তিনি উত্তর ও দক্ষিণ সেতুতে আঘাতের প্রাথমিক তথ্যের কথা বলেছেন এবং পরে শহরের কিছু অংশে পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কথা জানান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের সামরিক-শিল্প স্থাপনা, কিয়েভ ও জাপোরিঝিয়ার পরিবহন অবকাঠামো এবং চেরকাসি ও নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে। চেরকাসি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছিলেন, গোয়েন্দা তথ্যে দেখা গেছে রাশিয়ার সামরিক বাহিনী সোমবার সন্ধ্যা ও মঙ্গলবারজুড়ে হামলার পরিকল্পনা করছিল। একই দিন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এবং ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে নতুন অনলাইন আলোচনা করেছে।




