…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চুয়াডাঙ্গায় কলেজছাত্রী জান্নাতের মৃত্যু নিয়ে সহপাঠীদের সন্দেহ, ময়নাতদন্তের দাবিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় কলেজছাত্রী জান্নাতের মৃত্যু নিয়ে সহপাঠীদের সন্দেহ, ময়নাতদন্তের দাবিতে আবেদন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া জান্নাতের (১৮) মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর সহপাঠীরা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। এ দাবিতে সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন সহপাঠীরা।

জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার শরিফুল ইসলামের মেয়ে।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নোট লিখেছিলেন জান্নাত। তাতে লেখা ছিল, ‘জানোয়ার কোনো দিন মানুষ হইতে পারে না’। ওই পোস্টের কয়েক ঘণ্টা পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় ভাড়া বাসায় জান্নাতুল মাওয়ার গলায় ফাঁস দেওয়া অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এরপর গ্রামের বাড়ি আলমডাঙ্গায় তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সহপাঠীদের আবেদনে জান্নাতের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতালে মরদেহ দেখতে গেলে পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে রহস্যজনক আচরণ করেন এবং মরদেহ দেখতে না দিয়ে ময়নাতদন্ত ছাড়াই দ্রুত মরদেহ নিয়ে দাফন করা হয়। এতে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

সহপাঠীরা আবেদনে আরও জানিয়েছেন, জান্নাত তাঁদের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী ছিলেন; তিনি মেধাবী ও সচেতন শিক্ষার্থী ছিলেন এবং তাঁদের জানামতে তাঁর পক্ষে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক নয়।

আবেদনে সহপাঠীরা জান্নাতের পারিবারিক জীবন নিয়েও অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, জান্নাতের মা তাঁকে প্রায়ই নির্যাতন করতেন এবং পড়াশোনার খরচও দিতেন না। পড়াশোনা ও ব্যক্তিগত খরচ চালাতে শহরের একটি সুপারশপে মাসে ছয় হাজার টাকা বেতনে কাজ করতেন তিনি। তিনি শহরের একটি মেসে থাকতেন; বাড়িতে যাওয়ার দিনই এ ঘটনা ঘটে।

সহপাঠীদের আরও অভিযোগ, জান্নাতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতালে গিয়ে তাঁরা মরদেহ দেখতে না পারায় বিষয়টি নিজেরা নিশ্চিত হতে পারেননি বলে তাঁরা জানিয়েছেন। ঘটনার পর থেকে তাঁর বাবার ফোন নম্বরও বন্ধ রয়েছে বলে তাঁদের দাবি।

জান্নাতের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া ফেসবুক পোস্টটি নিয়েও সহপাঠীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তবে ওই পোস্টের মাধ্যমে তিনি কাকে বা কী ইঙ্গিত করেছেন, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, সোমবার সন্ধ্যায় তিনি ঘটনাটি জানতে পেরেছেন। শিক্ষার্থীরা তাঁর কাছে অভিযোগ নিয়ে এলে তিনি তাঁদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতির বিষয় রয়েছে, কিন্তু এ ঘটনায় তাঁর কার্যালয় থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সরাসরি মরদেহ উত্তোলন করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা এলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহ উত্তোলনের ব্যবস্থা করা যাবে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জান্নাতের বাবা শরিফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে আমার সাথে ভাত খাইল, গল্প করল, পরীক্ষাও দিল, হঠাৎ কেন এমন করল আমরা কিছুই বুঝতে পারছি না।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…