দক্ষিণ কোরিয়ায় এআই দিয়ে পরীক্ষায় নকলের স্বীকারোক্তি, চশমা পরীক্ষার সিদ্ধান্ত
দক্ষিণ কোরিয়ায় একটি জাতীয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করার কথা স্বীকার করার পর আসন্ন পরীক্ষাগুলোতে নিরাপত্তা ঘাটতি দূর করতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী হান সোক-সুক সোমবার জরুরি বৈঠক ডাকেন, যেখানে শিক্ষামন্ত্রীকে উচ্চচাপের বার্ষিক জাতীয় কলেজ ভর্তি পরীক্ষা 'সুনেউং'-এর আগে নকলবিরোধী নতুন ব্যবস্থা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়। এই ভর্তি পরীক্ষা এ সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার কথা।
দুটি আলাদা পরীক্ষায় শত শত প্রশ্নের মধ্যে প্রায় নিখুঁত নম্বর পাওয়া এক শিক্ষার্থীকে ঘিরে জল্পনা বাড়ার পর এই কেলেঙ্কারির সূত্রপাত হয়। কর্তৃপক্ষ বলছে, উচ্চপ্রযুক্তির গ্যাজেট ব্যবহার করে নকল করতে গিয়ে ধরা পড়লে অপরাধীদের ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হতে পারে।
গত সপ্তাহে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার 'আগে থেকে পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নেবে এবং কলেজ ভর্তি পরীক্ষা ন্যায্য ও স্থিতিশীলভাবে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে শেষ পর্যন্ত প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করবে'।
রোববার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে মুখোশ পরা ওই শিক্ষার্থী পরীক্ষার সময় একটি ক্ষুদ্র ক্যামেরা ও এআই ব্যবহার করার কথা স্বীকার করেন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে হান ওন-সোক নামে পরিচিত ওই শিক্ষার্থী এপ্রিল ও জুলাইয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন, যা নকলের আশঙ্কা তৈরি করে ও তদন্ত শুরু হয়।
ভিডিওতে তিনি বলেন, 'আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করেছি। সর্বোচ্চ নম্বর পেয়ে আমার পরীক্ষায় পাস করা ন্যায্য পরিশ্রমের ফল ছিল না।' তিনি জানান, ক্ষুদ্র ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে সেগুলো একটি এআই টুলে পাঠাতেন। তিনি একটি স্মার্টফোনও ব্যবহার করেছিলেন।
ওই শিক্ষার্থী জানান, তিনি সিউল পুলিশের কাছে তাঁর প্রক্রিয়ার বিস্তারিত লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন। ভবিষ্যতে যাঁরা নকলের কথা ভাবছেন, তাঁদের সতর্ক করে তিনি বলেন, 'আমি তদন্তকারীদের সবকিছু বলতে যাচ্ছি, তাই আশা করি আপনারা ভাববেন না যে ধরা পড়বেন না।'
প্রধানমন্ত্রী ওই শিক্ষার্থীর ফল বাতিল করার এবং তাঁকে জাতীয় পরীক্ষা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে, যেখানে কুখ্যাতভাবে কঠিন পরীক্ষাগুলো শিক্ষার্থীদের জীবনের গতিপথ নির্ধারণ করে।
অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাসের প্রস্তুতিতে মাধ্যমিক জীবনের বড় অংশ ব্যয় করেন, বিশেষ করে সুনেউং বা কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি), যা প্রায় ১০ ঘণ্টা ধরে চলে। পরীক্ষার ইংরেজি শোনার অংশের সময় পূর্ণ মনোযোগের জন্য ফ্লাইট স্থগিত রাখা হয় এবং আধা ঘণ্টা ধরে চালকদের হর্ন না বাজাতে বলা হয়।
সোমবার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন বলেন, শিক্ষার্থীদের পরা চশমা পরীক্ষাসহ নতুন ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও বলেন, স্মার্ট ডিভাইস দিয়ে নকল করলে ফৌজদারি শাস্তি হতে পারে। মন্ত্রণালয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বলেছে, বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষায় নকলের জন্য ফৌজদারি বিচার করা হবে এবং স্মার্ট ডিভাইস ব্যবহার করে ধরা পড়লে এক বছরের পরীক্ষা নিষেধাজ্ঞা তিন বছর পর্যন্ত বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
প্রতিটি পরীক্ষা অধিবেশনে সব চশমা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে বলেও মন্ত্রী জানান। এই ঘটনা দেখিয়েছে, স্মার্ট গ্যাজেট নকল সহজ করে দেওয়ায় এআই পরীক্ষার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং নতুন টুলগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে ক্ষেত্রে কর্তৃপক্ষ পিছিয়ে আছে বলে মনে হচ্ছে।




