মোজাম্বিকে ২০২৪ সালের নির্বাচনী সহিংসতার মামলায় বিরোধী নেতা মন্ডলানের বিচার শুরু

মোজাম্বিকের রাজধানী মাপুতোতে ব্যাপক পুলিশ মোতায়েনের মধ্যে দেশটির বিশিষ্ট বিরোধী নেতা ভেনানসিও মন্ডলানের বিচার শুরু হয়েছে। বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের পর ছড়িয়ে পড়া প্রাণঘাতী বিক্ষোভের ঘটনায় তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা মন্ডলানের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও নাগরিক অবাধ্যতাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। শত শত মানুষের প্রাণ যাওয়া বিক্ষোভের ঘটনায় আনা অভিযোগে কোনো অন্যায় করার কথা তিনি অস্বীকার করেছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে মন্ডলানের হাজির হওয়ার কথা থাকায় আদালতের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাঁর সমর্থকদের নতুন করে বিক্ষোভের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
পুলিশ নাগরিকদের প্রতি শান্তভাবে বিচারপ্রক্রিয়া অনুসরণ করার এবং জনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে এমন কাজ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক লুইস নাচোতে বলেছেন, এই বিচার মোজাম্বিকের জন্য সত্যিকারের পরীক্ষা। তাঁর ভাষ্য অনুযায়ী, আইনের শাসন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য—এটি প্রমাণের গুরুত্বপূর্ণ সুযোগ এই বিচার।
ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চাপোকে বিজয়ী ঘোষণা করা প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করেছিলেন মন্ডলানে। কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে তিনি দেশজুড়ে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দিয়েছিলেন।
বিক্ষোভ কয়েক মাস ধরে চলেছিল। মানবাধিকার গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছিল। স্থানীয় নাগরিক সমাজ সংগঠনগুলোর বরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অস্থিরতায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মোজাম্বিক পুলিশের হিসাবে নিহতের সংখ্যা ৯৬, যাঁদের মধ্যে ১৭ জন পুলিশ কর্মকর্তা।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকেরাও ২০২৪ সালের অক্টোবরের ভোটে অনিয়মের কথা জানিয়েছিলেন, যা ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, মন্ডলানে এমন বিক্ষোভে উৎসাহ দিয়েছিলেন, যা জনসেবা ব্যাহত করেছে, সম্পত্তির ক্ষতি করেছে এবং জননিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কাজের প্রকাশ্য মহিমান্বিতকরণ, যৌথ অবাধ্যতায় উসকানি, অপরাধ সংঘটনে প্রকাশ্য প্ররোচনা এবং সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত অপরাধ। সবচেয়ে গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২৪ বছর কারাদণ্ড হতে পারে।
মন্ডলানে অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেছেন, তাঁর বিক্ষোভের ডাকের উদ্দেশ্য ছিল নির্বাচনী স্বচ্ছতার দাবি জানানো, সহিংসতায় উৎসাহ দেওয়া নয়। তাঁর দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর আ ফ্রি অ্যান্ড অটোনোমাস মোজাম্বিক (আনামোলা) এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছে। সুপ্রিম কোর্ট বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।
বিচার শুরুর আগে সুপ্রিম কোর্ট ও মাপুতোর প্রধান সড়কগুলোর চারপাশে ব্যাপক পুলিশ টহল দেখা গেছে। সোমবার এক বিবৃতিতে মোজাম্বিক পুলিশ নাগরিকদের সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভের অধিকার কঠোরভাবে আইনের সীমার মধ্যে প্রয়োগ করতে হবে। পুলিশ আইনের শাসন অনুযায়ী প্রতিরোধমূলক ও আনুপাতিকভাবে কাজ করে মানুষ ও সম্পত্তি রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে।
আদালত কেবল নির্বাচিত গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রবেশের অনুমতি দিয়েছে, যা সাংবাদিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষের কর্মীদের সমালোচনার জন্ম দিয়েছে। আদালত কর্মকর্তারা বলেছেন, আদালতকক্ষে আসনসংখ্যা সীমিত বলেই এই বিধিনিষেধ প্রয়োজন। তবে সমালোচকদের মতে, জনগুরুত্বসম্পন্ন এই মামলায় এতে স্বচ্ছতা ক্ষুণ্ন হয়। বিচারপ্রক্রিয়াটি পাঁচজন বিচারকের সামনে শুনানি হওয়ার কথা রয়েছে, যেখানে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ের ডাকা সাক্ষীদের শুনানি হবে।




