…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে আসছে ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদনের সময় ৪৫–৬০ দিন থেকে নামতে পারে ৫–১০ দিনে

নিজস্ব প্রতিবেদক

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা সহজ করতে এবং অনুমোদনের দীর্ঘসূত্রতা দূর করতে শিগগিরই ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই শিল্পের প্রয়োজনীয় অনুমোদন ও সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেবাটি চালু হলে বর্তমানে বিভিন্ন দপ্তর ও সংস্থা থেকে আলাদাভাবে অনুমোদন ও ছাড়পত্র নিতে যে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে, তা কমে ৫ থেকে ১০ দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে উদ্যোক্তাদের একাধিক দপ্তরে ঘুরতে হবে না, ব্যবসার সময় ও ব্যয় কমবে এবং সেবা প্রদানে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত এই ওয়ান-স্টপ সার্ভিসের নকশা প্রণয়নের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের গঠিত একটি কার্যকরী দল প্ল্যাটফর্মটির কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এর বাস্তবায়ন পদ্ধতিও পর্যালোচনা করা হয়েছে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা উন্নয়ন প্রকল্প ও টিএসডিএফ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সেবা চালুর কার্যক্রম নির্ধারিত রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানান, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত এবং সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব ও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে। অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা সম্পন্ন হওয়ায় তাঁদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড প্রয়োজনীয় নীতিমালা বা গাইডলাইন তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

সচিব জানান, গাইডলাইন চূড়ান্ত হলেই এর আলোকে কার্যক্রম শুরু হবে এবং চলতি নভেম্বর মাসের মধ্যে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদ্যোগটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড সূত্র জানায়, সেবাটি চালুর বিষয়ে গত ১৩ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের নকশা, কার্যক্রম ও বাস্তবায়ন নিয়ে মতামত নেওয়া হয়।

এ ছাড়া সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে খাতটির বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশমন্ত্রী জানান, বিভিন্ন দপ্তর ও সংস্থার পরিদর্শন ও ছাড়পত্র পেতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। হংকং কনভেনশন অনুসরণের পরও ১০০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে এত দিন অপেক্ষা করা মোটেই যুক্তিসংগত নয়। কারণ জাহাজ আমদানির ঋণপত্র খোলার পর থেকেই প্রতিদিন ব্যাংক সুদ পরিশোধ করতে হয়, ফলে অনুমোদনের বিলম্বে ব্যবসায়ীদের খরচ বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে। জাহাজ পরীক্ষার প্রয়োজন হলে সংশ্লিষ্টদের এই প্রক্রিয়ার সময় কমিয়ে আনার নির্দেশনাও দেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই শিল্পে অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের পরিচালন ব্যয় কমবে। বিশেষ করে জাহাজ আমদানির পর অনুমোদনের অপেক্ষায় থাকলে যে অতিরিক্ত সুদ ও অন্যান্য ব্যয় বহন করতে হয়, তা কমানো সম্ভব হবে। এতে শিল্পটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের ইস্পাত ও পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহ ব্যবস্থাও উপকৃত হবে।

হংকং কনভেনশনে শ্রমিকের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণের বিভিন্ন নির্দেশনা রয়েছে। বাংলাদেশ ২০২৩ সালে কনভেনশনটি অনুসমর্থন করায় আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড স্থাপন ও পরিচালনার অনুমোদন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি, আমদানি করা জাহাজ পরিদর্শন, জাহাজ সৈকতে ভেড়ানো ও কাটার অনুমতি এবং ডিএএসআর ও কন্ডিশনাল ডিএএসআরসংক্রান্ত সেবা দিয়ে থাকে। এসব সেবা পেতে বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাণিজ্য দপ্তর, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদনের প্রয়োজন হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…