ট্রাম্পের করনথি ভুল করে ফাঁস করেছিল ডয়েচে ব্যাংক, হোয়াইট হাউসের অগোচরে ধামাচাপার চেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর করসংক্রান্ত নথি অসাবধানতাবশত ফাঁস করে দিয়েছিল জার্মানির ডয়েচে ব্যাংক। তবে ঘটনাটি হোয়াইট হাউসের কাছে গোপন রাখে ব্যাংকটি।
শুধু হোয়াইট হাউস নয়, ক্ষতিগ্রস্ত গ্রাহকদেরও বিষয়টি না জানানোর কৌশল নিয়েছিলেন ব্যাংকের কর্মকর্তারা। এ ঘটনা সম্পর্কে ব্যাংকটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিশ্চিয়ান জেউইংও অবগত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, ২০১৭ সালের ৩০ মার্চ ডয়েচে ব্যাংকের এক রিলেশনশিপ ম্যানেজার ভুলবশত ব্যাংকটির ১ হাজার ৫৮৬টি প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টের বছরশেষের কর বিবরণী এক গ্রাহকের হিসাবরক্ষকের কাছে পাঠিয়ে দেন। এসব নথির মধ্যে ট্রাম্পের কর বিবরণীও ছিল।
পরে বিষয়টি বুঝতে পেরে ওই হিসাবরক্ষক ব্যাংককে সতর্ক করেন এবং পাঠানো ফাইলটি মুছে ফেলেন।
ঘটনাটিকে সে সময় ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছিলেন ক্রিশ্চিয়ান জেউইং। তিনি তখন ডয়েচে ব্যাংকের প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তাঁর অধীন কর্মকর্তারা ঘটনাটি গ্রাহকদের কাছ থেকে গোপন রাখার কৌশল নিয়ে কাজ শুরু করেন।
ফাইন্যান্সিয়াল টাইমস এবং জার্মান সংবাদমাধ্যম ডার স্পাইজেল, ফরাসি সংবাদমাধ্যম লে মঁদ ও পেপার ট্রেইল মিডিয়াসহ বিশ্বের দুই শতাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের এক আন্তর্জাতিক জোট ডয়েচে ব্যাংকের ফাঁস হওয়া লাখ লাখ নথি বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণ থেকেই আগে প্রকাশ্যে না আসা এই ঘটনার বিস্তারিত তথ্য সামনে এসেছে।
ট্রাম্প বরাবরই তাঁর আয়কর বিবরণী প্রকাশের বিরোধিতা করে আসছেন। গত ছয় দশকের অধিকাংশ মার্কিন প্রেসিডেন্ট নিজেদের কর বিবরণী প্রকাশ করলেও তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছেন। চলতি বছরের শুরুতে নিজের প্রথম মেয়াদে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার (আইআরএস) এক ঠিকাদারের মাধ্যমে কর বিবরণী ফাঁসের ঘটনায় নিজ সরকারের বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলারের মামলা করেন ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে ডয়েচে ব্যাংকের সম্পর্ক শুরু হয় ১৯৯৮ সালে। পরবর্তী দুই দশকে ঋণ পরিশোধে ব্যর্থতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও ব্যাংকটি তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋণদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়। ২০০৮ সালে এক খেলাপি ঋণ নিয়ে ট্রাম্প ব্যাংকটির বিরুদ্ধে মামলা করার পরও ডয়েচে ব্যাংক তাঁর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখে। ২০২১ সালে ব্যাংকটি ট্রাম্পের সঙ্গে নতুন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিলেও তখনো জার্মান এই ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে তাঁর ৩০০ মিলিয়ন ডলারের বেশি ঋণ বকেয়া ছিল।
ঘটনার পরদিন জেউইংকে পাঠানো এক ইমেইলে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ফ্রাঙ্ক কুনকে জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের তথ্য ফাঁসসংক্রান্ত আইন অনুযায়ী গ্রাহকদের অবহিত করার বাধ্যবাধকতা এড়াতে তাঁরা ‘চ্যালেঞ্জ করার বা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার’ চেষ্টা করবেন। অন্য একটি ইমেইলে তিনি ঘটনাটিকে ‘বিপর্যায়, তবে সম্ভবত বাইরের দুনিয়ায় এর প্রভাব সীমিত রাখা সম্ভব’ বলে উল্লেখ করেন।
তবে ডয়েচে ব্যাংক ঘটনাটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংককে (নিউইয়র্ক ফেড) জানিয়েছিল। ফাঁসের ঘটনায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে এবং এ বিষয়ে গ্রাহকদের অবহিত করা উচিত কি না, সে বিষয়েও ব্যাংকটি প্রশ্ন তোলে।
গ্রাহকদের না জানানোর সিদ্ধান্তের পক্ষে ডয়েচে ব্যাংক যুক্তি দেয়, তথ্যগুলোর অপব্যবহারের আশঙ্কা কম। কারণ, সংশ্লিষ্ট হিসাবরক্ষক নথিগুলো ডাউনলোড করেননি; বরং বিষয়টি ব্যাংককে জানানোর পর ফাইলগুলো মুছে ফেলেছেন। ডকুমেন্ট আদান-প্রদানের সেবা ডকুসাইনের মাধ্যমে এসব তথ্য পাঠানো হয়েছিল।
৪ এপ্রিল কুনকে জেউইংকে জানান, তিনি ঘটনাটিকে ‘ব্যক্তিগত তথ্য ফাঁস’ হিসেবে চিহ্নিত না করে ‘ডিজিটাল ইউনিট রিলিজ’ হিসেবে অভিহিত করার ব্যবস্থা করেছেন। ফাঁসের ঘটনা নিয়ে তৈরি অন্যান্য নথিতে এই পরিভাষার আর কোনো উল্লেখ পাওয়া যায়নি।
৬ এপ্রিল কুনকেকে পাঠানো এক বার্তায় জেউইং জানান, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের তিনি বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনাটি কোনো ‘নিয়ন্ত্রক বিধি লঙ্ঘন’ নয়, বরং একটি ‘অল্পের জন্য এড়ানো বিপর্যয়’। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবসায়িক শাখা এ বিষয়ে একটি ‘সীমিত পরিসরের তদন্ত’ পরিচালনা করবে।
পরদিন ৭ এপ্রিল ডয়েচে ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকের পর কুনকে জেউইংকে জানান, সবকিছুই ‘পরিকল্পনা অনুযায়ী’ হয়েছে। তবে বৈঠকে ফেডারেল রিজার্ভ ব্যাংক ঘটনাটি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্তের অনুরোধ জানায়।
এ বিষয়ে ডয়েচে ব্যাংকের এক মুখপাত্র বলেন, সম্ভাব্য, সাবেক কিংবা বর্তমান গ্রাহকদের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাংকটি কোনো মন্তব্য করে না। ফ্রাঙ্ক কুনকের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। নিউইয়র্ক ফেডও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ভুলবশত নথিগুলো যাঁর কাছে পাঠানো হয়েছিল, সেই হিসাবরক্ষক জানিয়েছেন, ঘটনাটি তাঁর মনে নেই।



