গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-পুলিশের টহল, লাইভ বুলেট ব্যবহার হবে না বলে জানাল আনসার

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনা ও জনবহুল এলাকায় টহল জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো মহড়া গোপালগঞ্জ শহরে দেখা যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, নাশকতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো অবস্থাতেই মারণাস্ত্র কিংবা লাইভ বুলেট ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি।
আজ সকাল থেকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া মোড়, এলজিইডি মোড়, বেদগ্রাম, পুলিশ লাইনস মোড়, যুগশিখা মোড়, জজকোর্টের সামনে, জেলা প্রশাসকের বাসভবন ও স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান (এপিসি) টহল দিচ্ছিল।
শহরের বিপণিবিতানগুলো খোলা আছে। দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা গণপরিবহনও স্বাভাবিকভাবে চলছে।
গোপালগঞ্জ শহরের বাজার মোড় এলাকায় সকালে মোটরসাইকেলচালক রুবেল মুন্সী বলেন, ‘আজ টহল একটু বেশি মনে হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়েই বের হয়েছি।’
এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।
ওই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সর্বশেষ গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সোমবার বিকেলে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তিনি সবাইকে শান্ত থাকা, গুজবে কান না দেওয়া এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।



