অসুস্থতার কারণে পদত্যাগ ওসমান ফারুকের, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আসনটির বিএনপিদলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রটি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদের স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ওসমান ফারুক।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি তিনি। সে সময় তিনি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন।
তবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ওই সূত্রের ধারণা।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ওসমান ফারুক।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।



