কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে, জানালেন ইসি মাছউদ

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি মাছউদ। তিনি বলেন, ‘আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদকে জানান, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
শারীরিক জটিলতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার কথা জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে চিঠি দিয়েছিলেন বলে জানা গেছে। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল এলাকা নিয়ে গঠিত। ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয় সরকার নির্বাচনে এই উপনির্বাচন প্রভাব ফেলবে কি না জানতে চাইলে ইসি মাছউদ বলেন, ‘না, প্রভাব ফেলবে না।’ তিনি বলেন, এমন হতে পারে ওই এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন তারা নাও করতে পারেন। আবার দুটো নির্বাচন একসঙ্গে করা যাবে কি না, তাও তারা পর্যালোচনা করে দেখবেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন।



