চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

চলতি অর্থবছরে দেশের মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার সংসদে তিনি এই তথ্য জানান।
এই সম্মানী দেওয়া হবে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিদের।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এই তথ্য জানান।
নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এই সম্মানী পাবেন বলে মন্ত্রী জানিয়েছেন।
তবে মসজিদের খতিবদের এই সম্মানীর আওতাভুক্ত করার পরিকল্পনা আপাতত নেই বলে ধর্মমন্ত্রী জানান।
একই অধিবেশনে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
হজ ব্যবস্থাপনার দুই-তৃতীয়াংশ ব্যয় সৌদি সরকার নির্ধারণ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।



