নেত্রকোনার আটপাড়ায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ, বিএনপির দুই নেতাকে ৭২ ঘণ্টায় জবাব দিতে শোকজ

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষক তাঁকে মারধর ও হেনস্তা করার অভিযোগ তোলার পর উপজেলা বিএনপি স্থানীয় দুই নেতাকে ৭২ ঘণ্টা সময় দিয়ে শোকজ করেছে।
অভিযোগটি উঠেছে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা দেবকে ঘিরে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেছেন, ‘একটা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ঘটেছে। তাদের জবাব পাওয়ার পর আমরা সেটি দেখে পরবর্তী পদক্ষেপ নিবো। অভিযোগ যেহেতু এসেছে, তা তো এমনিই আসেনি। দেখি আগে শোকজের জবাবে তারা কী বলেন।’ তিনি আরও বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় শোকজ করা হয়েছে এবং অভিযোগ সত্যি হলে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, অবশ্যই তাই নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর জানিয়েছেন, অভিযোগটি পাওয়ার পর তারাও ঘটনাটি তদন্ত করে দেখছেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তদন্ত চলছে বলে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।
যে দুজনকে শোকজ করা হয়েছে, তারা হলেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও দলের স্থানীয় আরেক নেতা নুরুজ্জামান খান পুতুল।
নিবেদিতা দেব জানিয়েছেন, সোমবার আনোয়ার হোসেন লোক মারফত তাঁকে স্কুলের বিষয়ে কথা বলার জন্য স্কুলের পাশের একটি জায়গায় ডেকে পাঠালে তিনি যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছেন, ‘যাকে পাঠিয়েছেন, তাকে আমি বলেছি আমি স্কুলের প্রধান শিক্ষক। আমি কেন স্কুলের বিষয়ে কথা বলতে অন্য জায়গায় যাবো। তাছাড়া এখন ক্লাশ চলমান। আমি কেন স্কুল ছেড়ে অন্য জায়গায় যাবো। তখন যিনি ডাকতে আসেন, তিনি বলেন আপনাকে যেতে হবে। আমি বলেছি যে আমার কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমি কোথাও যাবো না।’
তাঁর ভাষ্য, এর ১০ থেকে ১৫ মিনিট পর আনোয়ার হোসেন সদলবলে আসেন, তাঁকে চার্জ করেন ও অ্যাসল্ট করেন। তিনি বলেন, ‘আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমাকে পোড়াবে, আমার সন্তান পোড়াবে, পেটের সন্তান পোড়াবে—এটি কি মেনে নেওয়া যায় বলেন তো।’ তিনি আরও বলেন, অন্তঃসত্ত্বা বলার পরেও তাঁকে রেহাই দেওয়া হয়নি; পরে অন্য শিক্ষক ও উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করেন। বাড়িঘর পুড়িয়ে দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে যথাযথ পদক্ষেপের আশা প্রকাশ করেন।
নিবেদিতা দেব জানান, স্থানীয় সংসদ সদস্য লোক পাঠিয়ে খবর নিয়েছেন এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক তাঁর সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। ঘটনার পর তিনি সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলটির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। স্কুল কমিটির সভাপতি নির্বাচন সামনে হওয়ার কথা রয়েছে। স্কুলটিরই একজন সাবেক শিক্ষক ওই কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করছেন এবং তিনি স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেনের ঘনিষ্ঠ। সে কারণেই প্রধান শিক্ষকের ওপরে চাপ তৈরি করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
নিবেদিতা দেব বলেছেন, এটিসহ কোনো বিষয়েই হামলাকারীদের কারও সঙ্গে তাঁর আগে কোনো কথাই হয়নি। তিনি ১৩ বছর ধরে শিক্ষকতা করছেন, এর মধ্যে গত প্রায় ছয় বছর এখানে কাজ করছেন এবং গত মার্চে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, তিনি কখনো অন্যায় কিছু করেননি এবং সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাঁর ভাষ্য, ওই নারী শিক্ষক আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করছিলেন, সে জন্য তাঁরা গিয়েছিলেন; কিন্তু মারধর বা হামলার অভিযোগ সত্যি নয়। তিনি বলেন, তাঁরা ২০ থেকে ৩০ জন বাজার থেকে যান, এক জায়গায় বসেন, পরে ওয়ার্ড সভাপতিকে পাঠান তাঁকে ডেকে আনতে। তিনি না এলে তাঁরা যান।
আনোয়ার হোসেন দাবি করেন, তাঁরা প্রধান শিক্ষকের কক্ষের বাইরে থেকে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা শুধু বলেছি আপনি আওয়ামী লীগ নিয়ে মিটিং করেন, আপনি চলে যান। এর বাইরে কিছু হয় নাই।’ তাঁর ভাষ্য, প্রধান শিক্ষক যেভাবে কথা বলেছেন, তাতে তাঁদের সঙ্গে থাকা লোকজন ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু তাঁরা পরিস্থিতি সামাল দিয়েছেন।
জবাবে নিবেদিতা দেব বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তাঁর কর্তৃপক্ষকে জানানো যেত। তা না করে হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।




