পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে কোরীয় অভিবাসন প্রতিনিধিদলের সাক্ষাৎ, মানবপাচার রোধে যৌথ গোয়েন্দা সেলের ওপর গুরুত্ব
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সঙ্গে কোরীয় অভিবাসন সেবার অভিবাসন নীতি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে আইজিপি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ-কোরিয়া কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশকের অংশীদারিত্বের কথা স্মরণ করেন।
তিনি কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সহায়তায় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন সেন্টার, ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প এবং চট্টগ্রামের দামপাড়ায় সম্প্রতি উদ্বোধন করা সাইবার পুলিশ সেন্টারের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে কোরিয়ার অবদানের কথা উল্লেখ করেন।
বৈঠকে ইন্টারপোলের ওয়ান্টেড ও সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের তথ্য বিনিময় নিয়ে আলোচনা হয়। ভিসা জালিয়াতি, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও জাল নথিসহ অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনেও সহযোগিতা নিয়ে কথা হয়।
ভবিষ্যতে অভিবাসন-অপরাধে তথ্য বিনিময়, মানবপাচার রোধে যৌথ গোয়েন্দা সেল এবং প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা জোরদার করার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।
আইজিপি বাংলাদেশে বসবাসরত কোরীয় নাগরিক, তাঁদের বিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি আবার জানান। সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার ও সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
এ সময় কোরীয় অভিবাসন সেবার প্রতিনিধিদলের অন্য সদস্যরা, ঢাকায় কোরিয়া দূতাবাসের প্রতিনিধিরা এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



