হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো এনসিসি ব্যাংক
দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক পিএলসি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আনছারুল কবির, এনসিসি ব্যাংকের এসইভিপি ও আরএমজি এবং এক্সপোর্ট সেলের প্রধান আহসান তারিক এবং ভিপি মোহাম্মদ আবুল কালাম আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ২ হাজার কোটি টাকার এই প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে। এ তহবিলের আওতায় রপ্তানির উদ্দেশ্যে হিমায়িত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্য ও অন্যান্য হিমায়িত খাদ্যপণ্য উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের জন্য অর্থায়ন সুবিধা দেওয়া হবে।
তহবিল থেকে কাঁচামাল সংগ্রহ ও ক্রয়, প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, হিমাগার ও কোল্ড স্টোরেজ নির্মাণ, বন্ধ বা আংশিক সচল কারখানা পুনরায় চালুকরণ এবং উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ঋণ পাওয়া যাবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।


