জেরিকোর উপকণ্ঠে বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি বৃদ্ধা নিহত, আহত ১০
অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক বৃদ্ধা ফিলিস্তিনি নারী নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এই হামলার খবর দিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত নারীর নাম ফাদ্দা মোহাম্মদ ফেইদাত বলে জানিয়েছে; তাঁর বয়স ৭২ বছর।
হামলা শুরু হয় মঙ্গলবার ভোরে জেরিকো শহরের উপকণ্ঠে দুয়ুক আল-তাহতা এলাকায়। এই এলাকায় চলতি মাসের শুরুতে বসতি স্থাপনকারীরা জোর করে কয়েকটি সম্পত্তি দখল করে নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, একদল বসতি স্থাপনকারী ফেইদাতের বাড়ির বাইরে গুলি শুরু করলে ফিলিস্তিনি বাসিন্দারা আত্মরক্ষায় পাথর ছোড়েন। পরে আরও বসতি স্থাপনকারী এসে ফেইদাতের বাড়িসহ ফিলিস্তিনি বাড়িগুলোতে গুলি চালান।
ফেইদাতের ভগ্নিপতি আহমেদ আরেফের বয়স ৬২ বছর। তিনি বলেন, ফেইদাত বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বুলেট তাঁর মাথায় লাগে। আরেফ বলেন, ‘আমি তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখলাম, তাঁর মাথা থেকে রক্ত বের হচ্ছিল।’
ইসরায়েলি সামরিক বাহিনী ওই নারীর মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি। বাহিনীটি বলেছে, তারা এমন ‘চলমান ঘটনা’ মোকাবিলা করছে, যেখানে কথিত গাড়ি চাপা দেওয়ার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের মানুষ আহত হয়েছেন।
ফেইদাতের ছেলে আরাফাত মায়ের আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান। তাঁর স্ত্রী নামা ফেইদাত বলেন, আরাফাত মানসিক ধাক্কায় ছিলেন এবং ভুলবশত ড্রাইভওয়েতে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বসতি স্থাপনকারীরা তখন গাড়িতে ছিলেন না; এরপর তাঁরা এলোপাতাড়ি গুলি চালান এবং আরাফাতসহ কয়েকজন আহত হন। আরাফাতের ধড়ে গুলি লাগে।
আরাফাত ফেইদাত বলেন, রামাল্লার হাসপাতালে নেওয়ার পথে ইসরায়েলি সামরিক বাহিনী তাঁর অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সামরিক বাহিনী রয়টার্সকে বলেছে, একটি গাড়িতে থাকা একদল ফিলিস্তিনি তাদের যান একটি ইসরায়েলি যানের দিকে ত্বরান্বিত করে সেটিতে ধাক্কা দেয়। বাহিনীর দাবি, এতে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের হতাহত হয়েছে।
ওয়াফার খবর অনুযায়ী, এই হামলার প্রায় দুই সপ্তাহ আগে বসতি স্থাপনকারীরা দুয়ুক আল-তাহতায় আটটি বাড়ি দখল করে নেন। এলাকার বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী বিনয়ামিন আঞ্চলিক পরিষদ বলেছে, তারা ফিলিস্তিনিদের কাছ থেকে কেনা আটটি বাড়িতে পরিবারগুলোর চলে আসা সহজ করতে সাহায্য করেছে। জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল বলেছেন, বসতি স্থাপনকারীরা আইনগতভাবে ওই জমি কিনতে পারেন না, কারণ জমিটি রাষ্ট্রের।
জাতিসংঘ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলার মাত্রাকে ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে বলে বর্ণনা করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫০ জন শিশু। এই সংখ্যায় অবৈধ বসতিতে বসবাসকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে নিহতরাও রয়েছেন।
আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) বলেছে, অধিকৃত পশ্চিম তীরে এক দশক ধরে পর্যবেক্ষণ শুরুর পর ২০২৬ সাল বসতি-সংশ্লিষ্ট সহিংসতার সবচেয়ে সহিংস বছর হওয়ার পথে রয়েছে। শুধু জুলাই মাসেই ইসরায়েলি বাহিনীর পাশাপাশি সশস্ত্র বসতি স্থাপনকারীদের জড়িত চারটি ঘটনায় ১১ জন নিহত হন।

