…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ বছর আগেভাগেই হাওরের পানি নেমে যাওয়ায় আবাদি জমি শুকিয়ে গেছে। কোথাও কোথাও জমি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে বীজতলা ও চারা রোপণের জমি তৈরি নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।

কৃষকেরা জানিয়েছেন, হাওরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং বিলের মাছ ধরতে বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত পানি সংরক্ষণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে চলতি মৌসুমে বোরো উৎপাদন মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। কৃষকেরা বলছেন, সেচ দিয়ে জমি তৈরি করতে হলে এবার উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যনগরে ১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় টাঙ্গুয়ারের অংশবিশেষ, টগার, বোয়ালা, শালদিঘা ও গোরমাসহ ছোট-বড় বেশ কয়েকটি হাওর রয়েছে।

গত সোমবার সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, অধিকাংশ হাওর পানিশূন্য হয়ে পড়েছে। কোথাও জমি চৌচির হয়ে আছে।

টগার হাওরের কৃষক নাজিম উদ্দিন বলেন, হাওরে এখনো বীজতলা তৈরির কাজই শেষ হয়নি। এর মধ্যে ধান রোপণের জমি শুকিয়ে ফাটলের সৃষ্টি হয়েছে। কিছু জমিতে আইল বেঁধে আগেভাগেই সেচ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। গত বছর ধান বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারেননি। এর মধ্যে জমি চাষের শুরুতেই খরচ বেড়ে গেলে আবারও লোকসানে পড়তে হবে বলে তিনি জানান।

বোয়ালা হাওরের কৃষক ও মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান বলেন, ৬৩ বছর বয়সেও হাওরের পানি এত দ্রুত শুকিয়ে যেতে দেখেননি। আগে পানি সেচে জমি শুকিয়ে বীজতলা তৈরি করতাম। এবার বীজতলা তৈরির মতো পানিও আশপাশে নেই। হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় চাষাবাদের খরচ ও দুর্ভোগ বাড়বে বলে তিনি বলেন।

মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষক সঞ্জীব রঞ্জন তালুকদার বলেন, সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার সব হাওরেই পানি দ্রুত কমে গেছে। এতে কৃষকেরা বড় ধরনের বিপর্যের মুখে পড়তে পারেন। বিশেষ করে যেসব হাওরে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা নেই, সেসব এলাকায় ফসল উৎপাদন কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে কৃষি বিভাগের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি জানান।

হাওর গবেষক সজল কান্তি সরকার বলেন, একসময় হাওরগুলো ছিল গামলার মতো, পানি জমে থাকত। কিন্তু বর্তমানে পলি জমে ভরাট হয়ে গেছে। দীর্ঘদিন খনন না হওয়ায় হাওরগুলো নাব্যতা হারাচ্ছে। ফলে খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে। হাওরগুলো খননের পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ বন্ধ করা উচিত বলে তিনি বলেন।

মধ্যনগর ও ধর্মপাশা—দুই উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্বে থাকা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় বীজতলা তৈরি ও জমি চাষে কৃষকেরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। পাশাপাশি সমন্বয় সভায় হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধগুলো মেরামতের প্রস্তাব দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, ইতিমধ্যে প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। কোন কোন হাওরে পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং কোথায় বাঁধ দিয়ে পানি আটকে রাখা প্রয়োজন, সে বিষয়ে কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সিলেট বিভাগ

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে নতুন সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।…

মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন
সিলেট বিভাগ

মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন

মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে এ সময়ে ফুটেছে অর্কিড কাঞ্চন ফুল। হেমন্তের মৃদু বাতাসে গাছগুলোর সঙ্গে দুলছে পাতা ও ফুল, আর ঘ…

ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা
সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হচ্ছে। এ জন্য চলমান ছয় লেন মহাসড়ক প্রকল্পের প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপি…

সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, রাখা হয়েছে বিজিবি ফাঁড়িতে

সিলেটের গোয়াইনঘাট এলাকার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক…