…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হচ্ছে। এ জন্য চলমান ছয় লেন মহাসড়ক প্রকল্পের প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মূল অনুমোদিত ১৬ হাজার ৯১৮ কোটি টাকা থেকে ব্যয় ৪ হাজার ২৩ কোটি টাকা বেড়ে হচ্ছে ২০ হাজার ৯৪১ কোটি টাকা। বাস্তবায়নের মেয়াদও ২০২৬ সালের ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন অবকাঠামো যুক্ত হওয়ায় ব্যয় আগের চেয়ে প্রায় ২৩ শতাংশ বাড়ছে; তবে প্রকল্পের মূল পরিকল্পনা অনুযায়ী ২০৯ কিলোমিটার সড়ক, সেতু ও ফ্লাইওভার নির্মাণ বাবদ ব্যয় বাড়ছে না।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত ২০৯ দশমিক ৩২৮ কিলোমিটার এই এক্সপ্রেসওয়েতে থাকবে নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন সুবিধা। মূল প্রকল্পে দুই লেনের এই মহাসড়ককে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা ছিল। সংশোধিত ডিপিপিতে মহাসড়কের দৈর্ঘ্য অপরিবর্তিত রয়েছে।

ব্যয় কমাতে আগের মূল প্রকল্প থেকে বাদ দেওয়া ২২টি ওভারপাস ও ২৭টি আন্ডারপাস সংশোধিত ডিপিপিতে আবার যুক্ত করা হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে ফ্লাইওভার। সূত্র বলেছে, সড়ক নিরাপত্তা পর্যালোচনায় এবং নকশার সীমাবদ্ধতা দূর করতে ওভারপাস, আন্ডারপাস, ফ্লাইওভার ও পথচারী আন্ডারপাস যুক্ত হচ্ছে।

সংশোধিত ডিপিপিতে ১৭টি ফ্লাইওভার ও রেল ওভারপাস, যানবাহন চলাচলের ২২টি আন্ডারপাস, হালকা যানের জন্য ৩৪টি আন্ডারপাস, ৮৯টি পথচারী আন্ডারপাস, ১৫টি গবাদিপশুর আন্ডারপাস এবং ২টি বন্য প্রাণীর আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ফুটওভার ব্রিজের সংখ্যা ২৬টি থেকে বাড়িয়ে ৪৫টি করার প্রস্তাব রয়েছে। মূল ডিপিপিতে ফ্লাইওভার ও রেল ওভারপাস ছিল ১৩টি।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, সংশোধিত নকশা বাস্তবায়িত হলে ঢাকা (কাঁচপুর) থেকে সিলেট যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। বিদ্যমান নকশার তুলনায় ভ্রমণের সময় গড়ে দুই ঘণ্টা কমবে। পাশাপাশি যানবাহনের গতি, সড়কের সক্ষমতা ও যাত্রার সময়ের নির্ভরযোগ্যতা বাড়বে। দুর্ঘটনার প্রবণতা এবং বায়ুদূষণও কমবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

নথি অনুযায়ী, ২০১৫ সালে মূল নকশা প্রণয়ন এবং ২০২০ সালে তা পর্যালোচনা করা হয়। ব্যয় কমাতে সম্ভাব্যতা সমীক্ষায় সুপারিশ করা ২২টি ওভারপাস ও ২৭টি আন্ডারপাস বাদ দেওয়া হয়েছিল। এতে মহাসড়কে নিরাপদে পারাপার ও যানবাহনের দিক পরিবর্তনের সুযোগ সীমিত হওয়ার পাশাপাশি যানবাহনের কাঙ্ক্ষিত গতি অর্জনেও ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতিতে ‘ভ্যালু অ্যাডিশন ইন রোড সেফটি’ (ভিএআরএস) নামে পরামর্শক সেবা যুক্ত করা হয়। যানবাহন চলাচলের তথ্য ও স্থানীয় বাসিন্দাদের মতামত বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ মোড়, বাজার, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা অবকাঠামো নির্মাণের সুপারিশ করা হয়। এসব সুপারিশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পর্যালোচনা করে। পরে ২০২৫ সালে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভায় সড়ক নিরাপত্তার সঙ্গে আপস না করার মত আসে।

সংশোধিত প্রকল্পে প্রতি ৫০০ মিটারে পথচারী পারাপারের ব্যবস্থা, স্থানীয় ও ধীরগতির যানবাহনের জন্য প্রতি ৮০০ মিটারে এবং ভারী যানবাহনের জন্য প্রতি ৪ কিলোমিটারে ইউটার্ন রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মহাসড়কে নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন, ফুটপাত, সার্ভিস লেন, উঁচু নিউ জার্সি ব্যারিয়ার, বাস বে, ট্রাক লে-বাই এবং সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের অন্যতম কারণ ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে ধীরগতি। প্রকল্পের নথি অনুযায়ী, ২০১৮ সালে অনুমোদিত সহায়ক প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ চলছে। এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণের অগ্রগতি ৫৫ শতাংশ, সড়ক নির্মাণে অগ্রগতি ৩০ শতাংশ এবং ইউটিলিটি স্থানান্তর হয়েছে প্রায় ৫০ শতাংশ। ফলে ঠিকাদার নিয়োগের পরও মাঠপর্যায়ে নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে। এ ছাড়া করোনা মহামারি, লকডাউন ও সীমিত দাপ্তরিক কার্যক্রমের কারণে প্রথম দেড় বছর কাজ ব্যাহত হয়।

প্রকল্পের নথিতে আরও বলা হয়েছে, ২০২০ সালের পর ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের রক্ষণাবেক্ষণ হয়নি। এতে সড়কের ওপরের স্তরসহ কোথাও কোথাও বেস লেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হওয়ায় আরও দুই বছর বিদ্যমান মহাসড়ক রক্ষণাবেক্ষণ করতে হবে। এ খাতের ব্যয়ও সংশোধিত ডিপিপিতে যুক্ত হয়েছে।

সংশোধিত প্রস্তাবে সরকারের অর্থায়ন ৩ হাজার ৬৭৩ কোটি ৮৯ লাখ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৩ কোটি ৮২ লাখ টাকা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ থেকে বেড়ে ১৫ হাজার ৯৫০ কোটি ২৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে এ জন্য ঋণচুক্তির পরিমাণ বাড়াতে হবে না। ভ্যাট, কর ও প্রশাসনিক ব্যয় বহন করবে সরকার।

২০২১ সালের ফেব্রুয়ারিতে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। সংশোধিত প্রস্তাবে ত্রুটি দায়ের সময়সহ মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জমি অধিগ্রহণ প্রকল্পের মেয়াদও ২০২৩ থেকে বাড়িয়ে প্রথমে ২০২৫ এবং পরে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, বাজেটের সীমাবদ্ধতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের মূল নকশা থেকে কিছু প্রয়োজনীয় অবকাঠামো বাদ দেওয়া হয়েছিল। তবে সড়ক নিরাপত্তা নিরীক্ষায় সেগুলোর প্রয়োজনীয়তা প্রমাণিত হয়েছে। সরকার অনুমোদন দিলে এসব অবকাঠামো প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অন্যথায় কিছু জায়গায় যানজটের আশঙ্কা থাকবে। ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ২০২৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়িত হলে মহাসড়কটি এক্সপ্রেসওয়েতে রূপ নেবে।

সংশোধিত ডিপিপিতে প্রকল্পের ব্যয়-সুবিধা অনুপাত (বিসিআর) ১ দশমিক ৮ থেকে বেড়ে ৩ দশমিক ৪৩ এবং অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার (আইআরআর) ১৮ দশমিক ১৮ থেকে ২৪ দশমিক ৫৯ শতাংশ হয়েছে। পাশাপাশি ৫ লাখ গাছ রোপণ, ২০৯ কিলোমিটার সড়কে সিসিটিভিসহ আইটিএস স্থাপন ও ভেটিভার প্রযুক্তিতে মাটি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে জমি পাওয়া ৮০ থেকে ১০০ কিলোমিটার এলাকায় বিভিন্ন অবকাঠামোর কাজ চলছে।

দৃষ্টি আকর্ষণ করা হলে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, ‘আমাদের দেশে প্রকল্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাঁরা নেন, তাঁদের অনেকেই কারিগরি জ্ঞানসম্পন্ন নন। ফলে তাঁরা সড়ক নিরাপত্তার বিষয়গুলোকে অতিরিক্ত ব্যয় মনে করেন। অথচ পৃথিবীজুড়ে অবকাঠামো উন্নয়নে সেফটি ফার্স্ট নীতি অনুসরণ করা হয়।’ তিনি বলেন, যাঁরা নিরাপত্তার উপাদান বাদ দিয়ে প্রকল্পের ব্যয় কমানোর সিদ্ধান্ত নেন, দুর্ঘটনা ঘটলে তাঁদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু চালককে দায়ী করলে হবে না, যাঁরা নকশা ও নির্মাণের সময় নিরাপত্তার সঙ্গে আপস করেন, তাঁদেরও দায় নিতে হবে। প্রকল্পের পরিকল্পনা পর্যায় থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে পরে এসব উপাদান যুক্ত করতে গিয়ে প্রকল্পের ব্যয় ও মেয়াদ দুটিই বাড়বে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সিলেট বিভাগ

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে নতুন সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।…

সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, রাখা হয়েছে বিজিবি ফাঁড়িতে

সিলেটের গোয়াইনঘাট এলাকার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক…

মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন
সিলেট বিভাগ

মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন

মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে এ সময়ে ফুটেছে অর্কিড কাঞ্চন ফুল। হেমন্তের মৃদু বাতাসে গাছগুলোর সঙ্গে দুলছে পাতা ও ফুল, আর ঘ…

সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জের মধ্যনগরের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ বছর আগেভাগেই হাওরের পানি নেমে যাওয়ায় আবাদি জমি শুকিয়ে গেছে। ক…