সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে নতুন সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। একই বার্তায় তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর কথাও জানিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী জানান, সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য সুরমা নদীর ওপর ধনপুর ব্রিজটি আরেকটি প্রকল্পের অধীনে নির্মিত হতে যাচ্ছে।
তাঁর ভাষ্য, সেতুটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
ভিডিও বার্তায় তিনি আরও জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছেন।
বাণিজ্যমন্ত্রীর ভাষ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে পড়া অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে।
পাশাপাশি এ বিভাগের সব সংসদ সদস্যের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও এই প্রকল্পের মাধ্যমে পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট বিভাগের রেল যোগাযোগের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে বলে তিনি জানান।
বক্তব্যের শেষে বাণিজ্যমন্ত্রী এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।




