জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা, সংসদে ইপিএ উপস্থাপন
বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই জাপানের বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে চুক্তিটি উপস্থাপন করে এ তথ্য জানান।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে চুক্তিটি গত ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ২৯৮(১) বিধি অনুযায়ী বাণিজ্যমন্ত্রী চুক্তিটি উপস্থাপন করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও পরীক্ষিত বাণিজ্য অংশীদার। এলডিসি উত্তরণের পরও জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের এই শুল্কমুক্ত প্রবেশাধিকার সংরক্ষণের পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’
চুক্তির বৈশিষ্ট্য তুলে ধরে তিনি জানান, পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে চুক্তি কার্যকরের প্রথম দিন থেকেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যসহ মোট ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে।
তৈরি পোশাক খাতে বিশেষ ‘স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধাও অর্জিত হয়েছে বলে তিনি জানান।
পক্ষান্তরে বাংলাদেশের বাজারে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে বাণিজ্যমন্ত্রী জানান।
সেবা বাণিজ্য প্রসঙ্গে তিনি জানান, ডব্লিউটিওর সেক্টরাল ক্লাসিফিকেশন লিস্ট অনুযায়ী বাংলাদেশ জাপানের জন্য ১২টি খাতের আওতায় ৯৮টি সাব-সেক্টর এবং জাপান বাংলাদেশের জন্য ১২০টি সাব-সেক্টর উন্মুক্ত করতে সম্মত হয়েছে।
এর ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি হস্তান্তর ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত জয়েন্ট স্টাডি গ্রুপের সম্ভাব্যতা সমীক্ষার পর ট্রেড নেগোসিয়েশন কমিটি ও ২১টি ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে সাত দফায় আলোচনা সম্পন্ন হয়।
পরবর্তীতে লিগ্যাল স্ক্রাবিং, মন্ত্রিসভার অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে ভেটিং শেষে সংবিধানের ১৪৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই চুক্তি সংসদে উপস্থাপনের সম্মতি দেন বলে তিনি জানান।
চুক্তি উপস্থাপনের পর স্পিকার এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংবিধানের ১৪৫ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে যেসব প্রস্তাব আসে, পরবর্তী সময়ে অন্যান্য মন্ত্রণালয় যেন এ বিষয়ে আরও সতর্ক থাকে এবং আইনমন্ত্রী যেন সেদিকে খেয়াল রাখেন।


