বিশ্বজুড়ে প্রতিবাদের মুখে শেক্সপিয়র ইনস্টিটিউট সরানোর পরিকল্পনা স্থগিত করল বার্মিংহাম বিশ্ববিদ্যালয়

শেক্সপিয়র ইনস্টিটিউটকে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়। বিশ্বজুড়ে পণ্ডিত, অভিনেতা ও শেক্সপিয়রপ্রেমীদের তীব্র প্রতিবাদের পর এই সিদ্ধান্ত এল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রিন্সিপাল অধ্যাপক অ্যাডাম টিকেল মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, ইনস্টিটিউট ও এর খ্যাতনামা ৬০ হাজার খণ্ডের গ্রন্থাগারকে বিশ্ববিদ্যালয়ের এজবাস্টন ক্যাম্পাসে সরিয়ে নেওয়ার প্রস্তাব আপাতত স্থগিত থাকবে, যখন এর ভবিষ্যৎ নিয়ে খতিয়ে দেখা হবে।
টিকেল বলেন, গত কয়েক দিনে তাঁরা খুব স্পষ্টভাবে শুনেছেন শেক্সপিয়র ইনস্টিটিউট শুধু বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কাছেই নয়, স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন, রয়্যাল শেক্সপিয়র কোম্পানি (আরএসসি) ও শেক্সপিয়র বার্থপ্লেস ট্রাস্টের অংশীদারদের কাছে এবং বিশ্বজুড়ে শেক্সপিয়রপ্রেমীদের কাছেও কতটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, তাই তিনি পরিকল্পিত স্থানান্তর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে ইনস্টিটিউটটি স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভনে প্রাণবন্ত ও টেকসই ভবিষ্যৎ পেতে পারে কি না এবং কীভাবে পেতে পারে, তা খতিয়ে দেখা যায়। তবে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে শেক্সপিয়রের নিজ শহরে পড়াশোনার আগ্রহ কম রয়েছে এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাইকেল ডবসন, যিনি বলেছিলেন স্থানান্তর হলে তিনি পদত্যাগ করবেন, এই ঘোষণাকে ‘একটি শুরু’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, স্থগিতের চেয়ে সিদ্ধান্তটি পুরোপুরি প্রত্যাহার করা হলেই তিনি বেশি খুশি হতেন।
গত সপ্তাহে কর্মী ও শিক্ষার্থীদের কাছে ঘোষিত মূল স্থানান্তর সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রায় অসংস্কৃত’, ‘অবিশ্বাস্যভাবে নির্বোধ’, ‘অত্যন্ত দুঃখজনক ও অদূরদর্শী’ এবং ‘ভয়াবহ সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ’ বলে সমালোচিত হয়েছিল।
অভিনেতা স্যামুয়েল ওয়েস্ট ও ডেম জ্যানেট সুজম্যানের নেতৃত্বে ওই পরিকল্পনার বিরুদ্ধে একটি আবেদন দ্রুত ১৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করে, যেখানে বিশ্বজুড়ে ইনস্টিটিউটের সমর্থকেরা তাঁদের ক্ষোভ জানান।
টিকেল বলেন, শেক্সপিয়র অধ্যয়নে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি নিয়ে কখনো সন্দেহ ছিল না, তবে ইনস্টিটিউটের সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে সৎ থাকা প্রয়োজন। তাঁর ভাষ্য, স্ট্র্যাটফোর্ডে পড়ার আগ্রহ কয়েক বছর ধরে খুব কম রয়েছে, অন্যদিকে বার্মিংহাম ক্যাম্পাসে সংশ্লিষ্ট বিষয়গুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে এবং বার্মিংহামের সমৃদ্ধ সৃজনশীল শিল্প খাত শেক্সপিয়র গবেষণার জন্য বাস্তব সুযোগ তৈরি করে।
আগামী ছয় মাস বিশ্ববিদ্যালয় শেক্সপিয়র ইনস্টিটিউট, আরএসসি, শেক্সপিয়র বার্থপ্লেস ট্রাস্ট, অন্যান্য অংশীদার, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে, যাতে ইনস্টিটিউটটি বার্মিংহাম ও স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন দুই জায়গাতেই ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবিকে ঘিরে গবেষণা, পরিবেশনা ও চর্চার কেন্দ্রে নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে পারে বলে টিকেল জানান।
ডবসন বলেন, স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভনে ইনস্টিটিউটের জন্য একটি টেকসই ও স্থায়ী ভবিষ্যৎ পাওয়া সম্ভব—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা তিনি চালিয়ে যেতে আগ্রহী।


