‘কিন্ডারগার্টেন কপ’–খ্যাত শিশুশিল্পী ক্রিশ্চিয়ান কাজিনস আর নেই, মৃত্যু ৪৩ বছর বয়সে

নব্বইয়ের দশকের জনপ্রিয় হলিউড ছবি ‘কিন্ডারগার্টেন কপ’–এর শিশুশিল্পী ক্রিশ্চিয়ান কাজিনস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারায় পুলিশ কল্যাণ যাচাই (ওয়েলফেয়ার চেক) করতে গিয়ে তাঁর বাড়িতে মরদেহ উদ্ধার করে।
কর্তৃপক্ষ ফক্স নিউজ ডিজিটালকে নিশ্চিত করেছে, গত ২০ অক্টোবর আরভাইন পুলিশ বিভাগের কর্মকর্তারা বাসভবনের ভেতরে অভিনেতার মরদেহ খুঁজে পান। পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যু ঘিরে কোনো সন্দেহজনক পরিস্থিতি ছিল না। বিভাগের একজন প্রতিনিধি বলেন, ‘আরভাইন পুলিশের কর্মকর্তারা বাড়ির ভেতরে তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন। এর সঙ্গে কোনো সন্দেহজনক পরিস্থিতি জড়িত ছিল না।’
কাজিনসের ভাই জোনাস রোজার জানিয়েছেন, তিনি লিভারের রোগে ভুগছিলেন।
খুব ছোট বয়সে অভিনয় শুরু করেন ক্রিশ্চিয়ান কাজিনস। তিনি প্রায়ই তাঁর যমজ ভাই জোসেফ ‘জোয়ি’ কাজিনসের সঙ্গে টেলিভিশন ও চলচ্চিত্রে একই চরিত্র ভাগাভাগি করে অভিনয় করতেন।
‘কিন্ডারগার্টেন কপ’ ছবিতে ডমিনিক পালমিয়েরি চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি পান। ছবিতে তিনি ও জোসেফ পালাক্রমে ওই চরিত্রে অভিনয় করেন; তাঁদের বিপরীতে ছিলেন গোপন গোয়েন্দা জন কিম্বল চরিত্রে আর্নল্ড শোয়ার্জনেগার। ছবিটি বক্স অফিসে সফল হয় এবং এটি কাজিনসের সবচেয়ে পরিচিত কাজ হিসেবেই রয়ে গেছে।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ক্রিটার্স ৩’, ‘ইনট্রুডার্স’, ‘টুইন সিটার্স’ এবং ‘নটস ল্যান্ডিং’। ‘নটস ল্যান্ডিং’–এ তিনি ও তাঁর যমজ ভাই ববি গিবসন ইউয়িং চরিত্রটি ভাগাভাগি করে অভিনয় করেন।
পরবর্তী সময়ে কাজিনস হলিউড ছেড়ে দেন। ২০২০ সালে ‘কিন্ডারগার্টেন কপ’–এর পুনর্মিলনীতে তিনি জানান, অভিনয় ছাড়ার পর তিনি আসবাবপত্রের ব্যবসায় যুক্ত হয়েছেন।


