চালের বদলে মিষ্টি আলুর পায়েস, ঠান্ডা করে খাওয়াই রাকুল প্রীতের পছন্দ

বলিউডের ফিটনেসসচেতন অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে থাকা রাকুল প্রীত সিং বর্তমানে ‘রামায়ণ’ ছবির কারণে আলোচনায় রয়েছেন, যেখানে তাঁর শূর্পণখা চরিত্রটি দর্শকদের নজর কেড়েছে। নিয়মিত শরীরচর্চা ও কড়া ডায়েট মেনে চললেও পায়েসের প্রতি তাঁর ভালোবাসা বেশ পুরোনো বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কুণাল বিজয়করের ‘খানে মে ক্যায়া হ্যায়’ অনুষ্ঠানে নিজের এই পায়েসপ্রীতির কথা ভাগ করে নিয়েছেন রাকুল। ওজন বেড়ে যাওয়ার ভয়ে সাধারণ চালের পায়েস এড়িয়ে চললেও পায়েস খাওয়ার ক্ষেত্রে তাঁর নিজস্ব একটি পদ্ধতি রয়েছে বলে তিনি জানান।
রাকুলের প্রিয় পায়েস তৈরি হয় মিষ্টি আলু দিয়ে। শীত মৌসুমে সহজলভ্য এই সবজি গ্রেট করে সামান্য ঘিয়ে ভেজে নেওয়া হয়, এরপর তার সঙ্গে দুধ ও কনডেন্সড মিল্ক মেশানো হয়। পায়েসে দেওয়া হয় কাজু, আমন্ড, পেস্তা ও কিশমিশসহ নানা ধরনের ড্রাই ফ্রুটস।
মিষ্টি আলুর নিজস্ব মিষ্টতা ও আঁশ থাকায় এই পায়েস স্বাস্থ্যকর হয় এবং খেতে সুস্বাদু ও ক্রিমি হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। সাধারণ পায়েস যেখানে চাল ও দুধের মিশ্রণে তৈরি, রাকুলের পায়েসে চালের জায়গা নিয়েছে মিষ্টি আলু।
এই পায়েস খাওয়ার ক্ষেত্রে রাকুলের পছন্দ তাপমাত্রা নিয়েও আলাদা। অনেকেই ধোঁয়া ওঠা গরম পায়েস খেতে ভালোবাসলেও তিনি পায়েস রান্নার পর তা ঘরের তাপমাত্রায় এনে ফ্রিজে রেখে দেন। তাঁর মতে, একদম জমে ঠান্ডা হলে এই পায়েসের স্বাদ বহুগুণ বেড়ে যায়, আর তখনই তিনি তা খান।
রাকুলের মতে, ফিট থাকার অর্থ পছন্দের খাবার থেকে নিজেকে বঞ্চিত করা নয়; উপকরণে সামান্য পরিবর্তন এনে খাবার স্বাস্থ্যকর করে তোলা যায়। মিষ্টি আলুতে থাকা জটিল শর্করা, আঁশ, পটাশিয়াম ও বিটা-ক্যারোটিন শরীরে পুষ্টি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে বলে তিনি জানান।


