প্রথম তামিল গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পেল শতবর্ষী কবিতার ‘ভারুভাইয়’
তামিল ভাষার গান ‘ভারুভাইয়’ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো তামিল ভাষার গান গ্র্যামির মনোনয়ন তালিকায় জায়গা করে নিল।
১৬ নভেম্বর ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে মনোনীত হয়েছে ‘ভারুভাইয়’। এবারের আসরে গানের বিভাগগুলোতে ভারতের আর কোনো মনোনয়ন না থাকায় গানটিকে ঘিরে ভারতীয় সংগীতপ্রেমীদের প্রত্যাশা আরও বেড়েছে।
‘ভারুভাইয়’ গানটি তৈরি হয়েছে তামিল সাহিত্যের প্রখ্যাত কবি সুব্রামানিয়া ভারতীর একটি ভক্তিমূলক কবিতা অবলম্বনে। তামিল ভক্তদের কাছে তিনি ‘ভারতিয়ার’ নামে পরিচিত। প্রায় এক শতাব্দী আগে লেখা কবিতাটিতে ঈশ্বরের আবির্ভাব কামনা করে আকুল আবেদন জানানো হয়েছে।
নতুন সংগীতায়োজনে কবিতাটির মূল আবেগ ও আকাঙ্ক্ষা অক্ষুণ্ন রেখে আধুনিক সংগীতের সংমিশ্রণ ঘটানো হয়েছে। গানটির সুরারোপ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সংগীত পরিচালক ও প্লেব্যাক গায়ক দেবন একাম্বরম। এতে কণ্ঠ দিয়েছেন শুভিক্ষা রঙ্গরাজন, যিনি সুজা নামেও পরিচিত। দেবন একাম্বরম ও শুভিক্ষা—দুজনের জন্যই এটি প্রথম গ্র্যামি মনোনয়ন।
‘ভারুভাইয়’ গানটি তৈরি করা হয়েছে ধ্রুপদি রাগ দেশ-এর ওপর ভিত্তি করে। এই রাগের কোমল ও আকুলতাপূর্ণ সুর কবিতার আবেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে কর্ণাটক সংগীতের ঐতিহ্যের সঙ্গে আধুনিক আন্তর্জাতিক সংগীতায়োজনের সমন্বয় ঘটেছে।
মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন দেবন একাম্বরম। তিনি জানান, এই স্বীকৃতিতে তিনি আনন্দিত, গর্বিত ও সম্মানিত। ভারতিয়ারের লেখা কবিতা নিয়ে তৈরি গানটি এমন স্বীকৃতি পাওয়ায় তাঁর কাছে অর্জনটি আরও বিশেষ। তিনি দিনটিকে তামিল ভাষা, ভারতিয়ার এবং কর্ণাটক সংগীতের জন্য স্মরণীয় বলে উল্লেখ করেন।
একটি প্রতিবেদনে দেবন জানান, এমন একটি মুহূর্তের জন্য তিনি ২৯ বছর ধরে অপেক্ষা করেছেন।
‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে ‘ভারুভাইয়’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্বখ্যাত কয়েকজন সংগীতশিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন পাঁচবারের গ্র্যামি বিজয়ী অ্যাঞ্জেলিক কিডজো। এ ছাড়া ফ্যারেল উইলিয়ামস ও কোয়াভোর ‘ব্যান্ডো (অর্কেস্ট্রাল)’, রোজালিয়ার ‘পোরসেলানা’ এবং শাকিরা ও বার্না বয়ের ‘দাই দাই’ গানও রয়েছে মনোনয়ন তালিকায়। ‘দাই দাই’ গানটি বিশ্বকাপের সংগীত হিসেবেও পরিচিতি পেয়েছে।
এত বড় মাপের সংগীতশিল্পীদের সঙ্গে একই মনোনয়ন তালিকায় জায়গা পাওয়াকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন দেবন একাম্বরম।
ভারতীয় সংগীতশিল্পীরা এর আগে বিভিন্ন সময়ে গ্র্যামিতে সাফল্য অর্জন করেছেন। তবে স্বতন্ত্রভাবে একটি তামিল ভাষার গানের মনোনয়ন পাওয়ার ঘটনা এবারই প্রথম। বিশেষ করে ‘ভারুভাইয়’ কোনো চলচ্চিত্রের গান নয়; স্বাধীন সংগীত উদ্যোগে তৈরি হয়েছে এটি।
এদিকে এবারের গ্র্যামি মনোনয়নে জায়গা হয়নি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার সংগীত অ্যালবামের। অ্যালবামটি কয়েকটি বিভাগে বিবেচনার জন্য জমা দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো বিভাগেই মনোনয়ন পায়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মূল আয়োজন। পুরস্কার জিতবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রথম তামিল ভাষার গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে ইতিমধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ‘ভারুভাইয়’।


