…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভাঙা, বটগাছও কাটা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভাঙা, বটগাছও কাটা
ছবি: সংগৃহীত

রাজশাহীতে চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।

সরেজমিনে দেখা যায়, যে ঘরের দেয়াল ভাঙা হয়েছে, সেখানে আগে ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ঘরের দেয়ালে আঁকা ছিল তাঁর প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম। চলতি বছরের ৪ নভেম্বর এখানেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়।

ভিটায় কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা বলেন, সকালে তাঁরা সেখানে কাজ করতে আসেন। দেয়ালের ভেতরে ঢুকে যাওয়া গাছের শিকড় ও ডালপালা কাটার পাশাপাশি পুরোনো দেয়াল ভাঙা ও আগাছা পরিষ্কারের কাজ করেছেন। তাঁর ভাষায়, ‘আমরা তো জানতাম না। দৈনিক মজুরিতে কাজ করতে এসেছি। পরে শুনেছি, এটা ভাঙা যাবে না। কিন্তু কর্তৃপক্ষ আমাদের টাকা দিয়ে রেখেছে, এ জন্য কাজ করছি।’

২০২৪ সালের পর তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা করা হয়েছে দাবি করে সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত বলেন, প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। তাঁরা চান, জায়গাটি সংরক্ষণ করা হোক।

ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান বলেন, শ্রমিকেরা জায়গাটি পরিষ্কার করার কথা বললেও সেখানে ভাঙার কাজ চলছিল। পরে তাঁদের থামানো হয়। তাঁর অভিযোগ, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে।

এ কাজের নিন্দা জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী। তিনি বলেন, ঋত্বিক ঘটক শুধু এপার বাংলা বা ওপার বাংলার নন, বিশ্বজুড়েই পরিচিত চলচ্চিত্র নির্মাতা। তাঁর স্মৃতিবিজড়িত এ জায়গাটি সবার সম্পদ। এটি ভেঙে ফেলা উচিত নয়। এখানে ঋত্বিক ঘটকের নামে একটি চলচ্চিত্র কেন্দ্র বা চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে।

১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে জানতে কলেজটির অধ্যক্ষ আনিসুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কলেজের সভাপতি নাহারুল ইসলাম বলেন, বসতভিটার দেয়াল ঘেঁষে থাকা বটগাছ কাটার বিষয়টি আগে তাঁকে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তিনি তা বন্ধ করে দিয়েছেন।

ঋত্বিক কুমার ঘটক তাঁর পৈতৃক বসতভিটায় জীবনের শুরুর সময় কাটিয়েছেন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট বাড়িটির তিনটি কক্ষ ভাঙা শুরু হয়, পর্যায়ক্রমে অবশিষ্ট অংশও ভেঙে ফেলা হয় এবং ভাঙা ঘরের ইটের কিছু অংশ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

বড়দিনে আসছে শাহরুখ খানের কিং, দিল্লির ফর্মুলা ওয়ান ট্র্যাকে চলছে শেষ পর্বের শুটিং

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বর্তমানে তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা কিং-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন…

বিনোদন

প্রথম তামিল গান হিসেবে গ্র্যামি মনোনয়ন পেল শতবর্ষী কবিতার ‘ভারুভাইয়’

তামিল ভাষার গান ‘ভারুভাইয়’ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে সংগীতজগতে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো তামিল ভাষার গান …

বিনোদন

ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ ঋষি, ‘নসিব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায়

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নি…

চালের বদলে মিষ্টি আলুর পায়েস, ঠান্ডা করে খাওয়াই রাকুল প্রীতের পছন্দ
বিনোদন

চালের বদলে মিষ্টি আলুর পায়েস, ঠান্ডা করে খাওয়াই রাকুল প্রীতের পছন্দ

বলিউডের ফিটনেসসচেতন অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে থাকা রাকুল প্রীত সিং বর্তমানে ‘রামায়ণ’ ছবির কারণে আলোচনায় রয়েছেন, যেখানে তাঁর শূর্পণখা চরিত্…