স্কট রিফের কাছে উডসাইডের গ্যাস প্রকল্প ঠেকাতে হিউ জ্যাকম্যানসহ ১৫০ জনের বেশি অস্ট্রেলীয় শিল্পীর খোলা চিঠি

হিউ জ্যাকম্যান, রেবেল উইলসন ও জেসিকা মাউবয়সহ ১৫০ জনের বেশি অস্ট্রেলীয় শিল্পী উডসাইড এনার্জির ব্রাউজ অববাহিকা গ্যাস প্রকল্পের বিরুদ্ধে গ্রিনপিসের নেতৃত্বাধীন প্রচারণায় সমর্থন দিয়েছেন। প্রকল্পটি কিম্বারলি উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানি উডসাইড ব্রাউজকে ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অ-উন্নত অফশোর গ্যাস সম্পদ’ বলে বর্ণনা করে। কোম্পানিটি স্কট রিফ এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ৫০টির বেশি গ্যাসকূপ খননের জন্য ফেডারেল সরকারের অনুমোদন চাইছে। ওই রিফে ১,৫০০টির বেশি প্রজাতি বাস করে, যার মধ্যে বিপন্ন পিগমি নীল তিমিও রয়েছে।
অভিনেতা জ্যাকম্যান, উইলসন, রিচার্ড রক্সবার্গ ও মিয়া ওয়াসিকোভস্কা মনে করেন, প্রস্তাবিত গ্যাসক্ষেত্রটি অনন্য এই রিফের বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে।
সংগীতশিল্পী জিমি বার্নস, পল কেলি, টেম ইমপালার কেভিন পার্কার, টিনা অ্যারেনা, জেসিকা মাউবয়, জি ফ্লিপ, ভ্যান্স জয়, মিসি হিগিন্স ও বেকার বয়ও ফেডারেল পরিবেশমন্ত্রী মারে ওয়াটকে প্রকল্পটি অনুমোদন না দিতে আহ্বান জানিয়ে খোলা চিঠিতে সই করেছেন। লেখক জে এম কোয়েটজি, হেলেন গার্নার, আনা ফান্ডার ও ডায়ানা রিডও সই করেছেন।
চিঠিতে বলা হয়েছে, ব্রাউজ প্রকল্প ‘স্কট রিফকে দশকের পর দশক ধরে কানে তালা লাগানো ভূকম্পন বিস্ফোরণসহ একটি শিল্প গ্যাস অঞ্চলে পরিণত করবে এবং সমুদ্রতলের নিচে কার্বন চাপা দেবে’। চিঠিতে আরও বলা হয়, স্কট রিফে খনন হলে ২০০৯ সালের মন্টারা বিপর্যয়ের চেয়ে ৩০ গুণ বড় তেল ছড়িয়ে পড়তে পারে, যা কিম্বারলি উপকূল দূষিত করে ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছাতে পারে।
এর আগে গত সোমবার কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ড, বার্নস, জন বাটলার ও মন্টেইনসহ ২০ জনের বেশি অস্ট্রেলীয় শিল্পীর একটি দল রিফ নিয়ে ‘ইফ নট নাউ’ নামে একটি গান প্রকাশ করে। গানটি গ্রিনপিস অস্ট্রেলিয়া প্যাসিফিক, গ্রিন মিউজিক অস্ট্রেলিয়া ও পি(ডুম) রেকর্ডসের যৌথ উদ্যোগ।
২০১৮ সালে প্রথম প্রস্তাবিত ব্রাউজ প্রকল্পে গ্যাস প্রায় ৯০০ কিলোমিটার পাইপলাইনে উডসাইডের পুরোনো নর্থ ওয়েস্ট শেলফ গ্যাস রপ্তানি কারখানায় নেওয়া হবে। কারখানাটি বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত মুরুজুগা শিলা-শিল্পের পাশে অবস্থিত।
গত মাসে জানা যায়, পশ্চিম অস্ট্রেলিয়ার স্বাধীন পরিবেশ পর্যবেক্ষক সংস্থা প্রস্তাবটির তীব্র সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, স্কট রিফের কাছে কচ্ছপ ও নীল তিমি রক্ষার পরিকল্পনা কার্যকর হবে না। পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের ২০২৩ সালে লেখা একটি খসড়া চিঠিতে বলা হয়েছিল, তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি গ্রহণযোগ্য মাত্রায় নামানো সম্ভব নাও হতে পারে। গত মাসে গ্রিনপিস স্কট রিফকে জাতীয় ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনয়নও দিয়েছে।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মডেলিং অনুযায়ী, সর্বোচ্চ উৎপাদনের সময় ব্রাউজ বছরে ৬৮ লাখ টন পর্যন্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন ঘটাতে পারে, যা ২০৩৫ সালে অস্ট্রেলিয়ার মোট নির্গমনের ২ দশমিক ৯ থেকে ৩ দশমিক ৭ শতাংশ হবে। প্রতিষ্ঠানটি গত বছর আরও বলেছিল, ব্রাউজ গ্যাস বিদ্যমান অভ্যন্তরীণ গ্যাসের চেয়ে প্রায় চার গুণ বেশি ব্যয়বহুল হতে পারে।
কনজারভেশন কাউন্সিল অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ম্যাট রবার্টস চলতি মাসের শুরুতে উডসাইডের প্রস্তাবকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলেছেন। তিনি বলেন, ‘আমাদের ব্রাউজ গ্যাসের দরকার নেই। নবায়নযোগ্য ভবিষ্যতের দিকে যাওয়ার পথে পশ্চিম অস্ট্রেলিয়ায় যথেষ্ট গ্যাস রয়েছে এবং এলএনজির আঞ্চলিক চাহিদা কমছে।’
জাতীয় পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রকল্পটি জাতীয় পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনের অধীনে মূল্যায়ন করা হচ্ছে এবং আরও কারিগরি পরামর্শের অপেক্ষায় ‘সিদ্ধান্তের ঘড়ি’ থামিয়ে রাখা হয়েছে।
উডসাইডের একজন মুখপাত্র বলেছেন, প্রস্তাবিত প্রকল্পটি রাজ্য ও কমনওয়েলথ নিয়ন্ত্রকদের ‘বিস্তারিত, প্রকাশ্য ও স্বচ্ছ মূল্যায়নের’ অধীনে রয়েছে। প্রতিক্রিয়ার ভিত্তিতে স্কট রিফের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার আশপাশে অবকাঠামোর আকার কমানো হয়েছে এবং রিফের ওপর কোনো নির্মাণ, খনন বা উত্তোলন হবে না বলে তিনি জানান। তিনি বলেন, ‘ব্রাউজ একটি প্রাকৃতিক গ্যাস ও কনডেনসেট প্রকল্প, তেল প্রকল্প নয়। ব্রাউজ থেকে সম্ভাব্য তেল ছড়িয়ে পড়ার কথা বলা ভুল।’ তাঁর ভাষ্য, কূপ বিস্ফোরণের সবচেয়ে দীর্ঘ বিশ্বাসযোগ্য সময়কাল প্রায় ১২ ঘণ্টা, যদিও তা অত্যন্ত অসম্ভাব্য।


