প্রযুক্তি দিয়ে পরীক্ষায় প্রতারণা করলে ‘জীবন বদলে দেওয়া’ শাস্তি, সতর্ক করল ইংল্যান্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফকোয়াল

ইংল্যান্ডের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা স্মার্ট চশমা ব্যবহার করে প্রতারণা করতে গিয়ে ধরা পড়লে ‘জীবন বদলে দেওয়ার মতো’ শাস্তির মুখে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির যোগ্যতা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল।
অফকোয়ালের প্রধান ইয়ান বাউকহ্যাম বলেছেন, মূল্যায়নভিত্তিক কোর্সওয়ার্কে এআই ব্যবহারের চেষ্টা করলে শিক্ষার্থীদের জিসিএসই, এ-লেভেল ও অন্যান্য যোগ্যতা থেকে অযোগ্য ঘোষণা করা হতে পারে। পরীক্ষায় প্রতারণার জন্য পরিধেয় প্রযুক্তি বাজারজাত করা থেকে খুচরা বিক্রেতাদের বিরত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
বাউকহ্যাম প্রেস অ্যাসোসিয়েশনকে বলেন, ‘গুরুত্বপূর্ণ ও উচ্চ-ঝুঁকির কোনো যোগ্যতার ক্ষেত্রে অসদুপায় করতে গিয়ে ধরা পড়লে চরম ক্ষেত্রে পুরো যোগ্যতাটাই হারাতে হতে পারে, যা কারও ভবিষ্যতের জন্য জীবন বদলে দেওয়ার মতো হতে পারে।’
কোর্সওয়ার্ক জমা দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসায় অফকোয়াল একটি প্রচারণা শুরু করছে। এতে শিক্ষার্থীদের স্পষ্ট করে জানানো হবে, বর্ধিত প্রবন্ধের মতো মূল্যায়নে এআই ব্যবহার করে তা ঘোষণা না করা সহ্য করা হবে না।
বাউকহ্যাম ইংল্যান্ডের পরীক্ষা বোর্ডগুলোকে চিঠি দিয়ে জানাবেন, আগামী গ্রীষ্মের পরীক্ষা মৌসুমে পরিধেয় যন্ত্রের তৈরি ‘উদীয়মান ঝুঁকি’ চিহ্নিত করতে পরীক্ষা হলের তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণ দিতে হবে। তিনি বলেন, পরীক্ষার সময়, বিশেষ করে এআই ব্যবহার করতে পারে এমন পরিধেয় যন্ত্রের ব্যবহার নিয়ে তিনি ক্রমশ উদ্বিগ্ন।
বুধবার বার্মিংহামে একটি শিক্ষা সম্মেলনে বক্তৃতায় বাউকহ্যাম বলবেন, ‘কোনো খুচরা বিক্রেতার পক্ষে, অনলাইন হোক বা অন্য যেভাবেই হোক, পরীক্ষায় প্রতারণার উদ্দেশ্যে স্পষ্টভাবে পণ্য বাজারজাত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটিকে চ্যালেঞ্জ করতেই হবে।’
অফকোয়ালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মকালীন পরীক্ষা মৌসুমে জিসিএসই, এএস ও এ-লেভেলে স্মার্ট যন্ত্র ও মোবাইল ফোন দিয়ে প্রতারণার ২ হাজার ২২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
বাউকহ্যাম আরও ইঙ্গিত দিয়েছেন, শিক্ষার্থীদের এআই ব্যবহারের সুযোগ বেড়ে যাওয়ায় বর্ধিত প্রবন্ধের ব্যবহারই হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ‘ভবিষ্যতে এটি নিরাপদ ও উপযোগী রাখতে হলে কোন পরিস্থিতিতে এটি করা হবে এবং কোর্সওয়ার্কের নকশা কেমন হবে, তা নিয়ে আমূল পুনর্বিবেচনা লাগবে। অন্য কোনো মূল্যায়ন ছাড়া তত্ত্বাবধানহীন বর্ধিত প্রবন্ধের সময় সম্ভবত খুব কমই বাকি আছে।’
ইংল্যান্ডে জিসিএসই ও এ-লেভেলের একাডেমিক বিষয়গুলোতে গত এক দশকে কোর্সওয়ার্ক কম বা নেই বললেই চলে, তবে এ-লেভেল ইতিহাস ও ইংরেজির মতো বিষয়ে এখনো বর্ধিত প্রবন্ধের সুযোগ রয়েছে।
গত গ্রীষ্মে জিসিএসই, এএস ও এ-লেভেল এন্ট্রিতে এআই অপব্যবহারসহ চৌর্যবৃত্তির ১০০টি ঘটনা নথিভুক্ত করেছে অফকোয়াল, যা ২০২৪ সালের ৮৫টি ঘটনার চেয়ে বেশি।
বাউকহ্যাম বলেছেন, এআই ও চৌর্যবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের ব্যবহৃত উৎসগুলো আরও গভীরভাবে যাচাই করার মতো উপায় বিবেচনা করছে অফকোয়াল। তিনি বলেন, ‘এর অর্থ হতে পারে কোর্সওয়ার্ককে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার সঙ্গে যুক্ত করা, তা লিখিত হোক বা মৌখিক, যাতে শিক্ষার্থীরা সত্যিই কাজটি নিজে করেছে ও বুঝেছে, সেই নিশ্চয়তা পাওয়া যায়।’



