৬০টির বেশি বই পড়ে আরব রিডিং চ্যালেঞ্জ জিতল মিসরের ১১ বছরের মায়ার, পেল ৫ লাখ দিরহাম

মিসরের ১১ বছর বয়সী মায়ার ওথম্যান ৬০টির বেশি বই পড়ে জিতে নিয়েছে ‘আরব রিডিং চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার দশম আসরের শিরোপা। ২০২৬ সালের ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
মায়ার পেয়েছে ৫ লাখ দিরহাম পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। পুরস্কারটি তার হাতে তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
এই জয়ে মায়ারকে পেছনে ফেলতে হয়েছে বিশ্বের ৬০টি দেশের ৪ কোটির বেশি শিক্ষার্থীকে। শুধু তার নিজের দেশ মিসর থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১ কোটি ৭৬ লাখের বেশি প্রতিযোগী, যাদের মধ্য থেকে ধাপে ধাপে এগিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছায় সে।
মায়ারের বই পড়ার যাত্রা শুরু হয়েছিল তার স্কুল থেকে। শিক্ষকেরা লক্ষ করেছিলেন, আরবি ভাষায় কথা বলতে সে স্বচ্ছন্দ এবং কোনো বিষয়ে নিজের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করতে পারে। স্কুলের এক তত্ত্বাবধায়ক তার এই আগ্রহ ও দক্ষতা দেখে তাকে আরব রিডিং চ্যালেঞ্জে অংশ নিতে উৎসাহ দেন।
প্রথমে কবিতা পড়তে ভালো লাগত মায়ারের। পরে ধীরে ধীরে সে গল্প ও উপন্যাসসহ নানা ধরনের বই পড়তে শুরু করে। প্রতিযোগিতার জন্য সে পড়েছে ৬০টির বেশি বই।
এই প্রতিযোগিতায় শুধু বই পড়লেই এগিয়ে যাওয়া যায় না। পড়া বইয়ের বিষয়বস্তু বুঝতে হয়, নিজের ভাষায় তার সারাংশ বলতে হয় এবং বই থেকে কী শেখা গেল, তা ব্যাখ্যা করতে হয়। মায়ার এসব কাজেই মনোযোগ দিয়েছিল।
চূড়ান্ত পর্বে ছয়জন প্রতিযোগীকে সরাসরি দর্শকের সামনে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল মাত্র এক মিনিট। এরপর দর্শকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয় বিজয়ী, আর সেই পর্ব পেরিয়েই প্রথম হয় মায়ার।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ফিলিস্তিনের ১৬ বছর বয়সী গাজাল রাশাদ, সে পেয়েছে ১ লাখ দিরহাম। তৃতীয় হয়েছে সৌদি আরবের ১১ বছর বয়সী রায়ান আল জাকারি, তার পুরস্কার ছিল ৭০ হাজার দিরহাম।
পুরস্কারের টাকা দিয়ে মায়ার নিজের স্কুলে একটি ছোট লাইব্রেরি তৈরি করতে চায়, যাতে অন্য শিক্ষার্থীরাও বই পড়ার সুযোগ পায়। তার ভাষায়, বই তার মাথায় নতুন নতুন ভাবনা তৈরি করেছে এবং তার ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করেছে।
প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নিজের সময় ব্যবস্থাপনার অভ্যাসও বদলেছে বলে জানিয়েছে মায়ার। স্কুলের পড়াশোনা আর বই পড়ার জন্য আলাদা সময় বের করতে শিখেছে সে। তার মতে, প্রকৃত পাঠক শুধু বই হাতে নিয়ে ঘোরে না; বই থেকে পাওয়া জ্ঞান ও ভাবনা কাজে লাগিয়ে আশপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।
ভবিষ্যতে মিসরের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে মায়ার। আরবি ভাষার প্রতি তার গভীর ভালোবাসা; সে মনে করে, এই ভাষার সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষা করা জরুরি। তাই শুধু নিজে পড়তে চায় না, অন্যদেরও পড়তে উৎসাহিত করতে চায় সে।
আরব রিডিং চ্যালেঞ্জ শুরু হয়েছিল ২০১৫ সালে, সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে। উদ্দেশ্য ছিল আরব বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, আরবি ভাষায় দক্ষতা বাড়ানো এবং জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা। দশম আসরে অংশ নিয়েছে ৬০টি দেশের ৪ কোটি ২৮ লাখের বেশি শিক্ষার্থী; যুক্ত ছিল ১ লাখ ৩৮ হাজারের বেশি স্কুল এবং ১ লাখ ৬১ হাজারের বেশি তত্ত্বাবধায়ক।



