কোন কোন অঙ্গ ছাড়াও বাঁচতে পারে মানুষ: অ্যাপেন্ডিক্স থেকে একটি কিডনি পর্যন্ত যা বলছে চিকিৎসাবিজ্ঞান

মার্কিন পর্বতারোহী অ্যারন রালস্টন পাহাড়ি গিরিখাতে ঘুরতে গিয়ে ভয়াবহ বিপদে পড়েছিলেন। পাঁচ দিন ধরে একটি বিশাল পাথরের নিচে তাঁর ডান হাত আটকে ছিল। কোনো সাহায্য না পেয়ে জীবন বাঁচাতে শেষ পর্যন্ত পকেটনাইফ দিয়ে নিজের হাত নিজেই কেটে মুক্ত হন তিনি। সেই সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিখ্যাত একটি সিনেমাও।
হাত কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হঠাৎ কেটে আলাদা হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মানুষের মৃত্যু হতে পারে। ঠিক সময়ে চিকিৎসা পেলে এবং সংক্রমণ না হলে মানুষ বেঁচে যায়, তবে পুরোপুরি সেরে উঠতে অনেক মাস সময় লাগে।
অনেক সময় অঙ্গটি না থাকলেও কাটা জায়গায় অদ্ভুত ব্যথা বা অনুভূতি টের পাওয়া যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্যান্টম লিম্ব পেইন। গভীর চোট বা অঙ্গ হারানোর পরও মানুষের শরীর কীভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকে, রালস্টনের বেঁচে ফেরা তারই এক উদাহরণ।
কখনো কখনো শরীরের কোনো অঙ্গ অসুস্থ বা সংক্রমিত হয়ে কাজের চেয়ে ক্ষতি বেশি করে। তেমনি একটি অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স। এটি পেটের ডান পাশের নিচের দিকে বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত আঙুলের মতো ছোট একটি থলি।
অ্যাপেন্ডিক্সে তীব্র সংক্রমণ ও প্রদাহ হলে প্রচণ্ড পেটব্যথা আর জ্বর শুরু হয়। তখন দেরি না করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে এটি কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
একসময় অ্যাপেন্ডিক্সকে শরীরের একদম অকেজো অঙ্গ মনে করা হতো। তবে বিজ্ঞানীরা দেখেছেন, এতে উপকারী ব্যাকটেরিয়া জমা থাকে। আগে ডায়রিয়া বা মারাত্মক পেট খারাপ হলে অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য ফিরিয়ে এনে শরীরকে সুস্থ করতে এই ব্যাকটেরিয়া কাজ করত। কিন্তু এখন উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও আধুনিক ওষুধের কারণে অ্যাপেন্ডিক্স ছাড়াও মানুষ সহজে সুস্থ থাকতে পারে, আর এটি বাদ দিলে অ্যাপেন্ডিসাইটিসের ঝুঁকিও আর থাকে না।
অ্যাপেন্ডিক্স না কেটে অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে চরম বিপদে পড়েছিলেন রুশ চিকিৎসক লিওনিদ ইভানোভিচ রোগোজভ। ১৯৬১ সালে সেখানে অবস্থানকালে তিনি তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন। আশপাশে আর কোনো চিকিৎসক না থাকায় জীবন বাঁচাতে তিনি আয়না দেখে নিজেই নিজের পেট কেটে অ্যাপেন্ডিক্স বাদ দিয়েছিলেন।
চিকিৎসক ড্যানিয়েল ফানেলের মতে, মানুষের বেশির ভাগ অঙ্গই জীবন না হারিয়ে আংশিকভাবে কেটে ফেলা সম্ভব। মানুষ একটি কিডনি, অর্ধেক যকৃৎ, একটি ফুসফুস, এমনকি মস্তিষ্কের অর্ধেক অংশ নিয়েও বেঁচে থাকতে পারে।
কিন্তু কোনো অত্যাবশ্যকীয় অঙ্গ একেবারেই কাজ করা বন্ধ করে দিলে মানুষকে বাঁচিয়ে রাখতে আধুনিক যন্ত্রের সাহায্য নিতে হয়। যেমন দুটি কিডনিই অচল হয়ে গেলে ডায়ালাইসিস যন্ত্র ব্যবহার করা হয়, যা কৃত্রিমভাবে শরীরের রক্ত ছেঁকে বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করে দেয়।
আবার ফুসফুস কাজ না করলে ইসিএমও নামের একটি বিশেষ জীবনরক্ষাকারী যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্র শরীর থেকে রক্ত বাইরে এনে তাতে অক্সিজেন মেশায় এবং ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড বের করে দিয়ে পরিশোধিত রক্ত আবার শরীরে ফিরিয়ে দেয়।
সব অঙ্গ ছাড়া জীবন হয়তো একদম আগের মতো সহজ থাকে না। কিন্তু কোনো অঙ্গ অসুস্থ হয়ে কাজের চেয়ে ক্ষতি বেশি করলে প্রাণ বাঁচাতে চিকিৎসকেরা সেটি কেটে বাদ দেন, আর আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে বহু অঙ্গ হারিয়েও মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ তৈরি হয়েছে।


