আলাস্কায় প্রাণঘাতী হিট অ্যান্ড রান: অভিনেতা আন্তোনিও সাবাতো জুনিয়রের ছেলে জ্যাক ৫ হাজার ডলার জামানতে মুক্ত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজে প্রাণঘাতী এক হিট অ্যান্ড রান ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর জামানতে মুক্ত হয়েছেন জ্যাক সাবাতো। তিনি অভিনেতা আন্তোনিও সাবাতো জুনিয়র ও ভার্জিনিয়া ম্যাডসেনের ছেলে।
আদালতের নথি অনুযায়ী, জ্যাক ১৩ নভেম্বর ৫ হাজার ডলারের বন্ড পরিশোধ করেন এবং সোমবার মুক্তি পান। পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, কঠোর শর্তে তাঁকে ছাড়া হয়েছে — তিনি গাড়ি চালাতে পারবেন না, কোনো গাড়ির চালকের আসনে বসতে পারবেন না এবং গাড়ির চাবি নিজের কাছে রাখতে পারবেন না।
অ্যাঙ্কোরেজ পুলিশ বিভাগ জানিয়েছে, ৩২ বছর বয়সী জ্যাককে ৯ নভেম্বর গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আহত ব্যক্তিকে সাহায্য না করে দুর্ঘটনাস্থল ছেড়ে যাওয়া এবং আঘাত বা মৃত্যুর ঘটনা ঘটিয়ে দুর্ঘটনাস্থল ছেড়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ নিহত ব্যক্তিকে কার্ল সিমন্ডস নামে শনাক্ত করেছে, তাঁর বয়স ৪২ বছর। ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এয়ারপোর্ট হাইটস ড্রাইভ ও ডেবার রোডের কাছে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন — এমন খবর পেয়ে পুলিশ ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে যান, সেখানে সিমন্ডসকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, একটি গাড়ি সিমন্ডসকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আদালতের অভিযোগপত্র অনুযায়ী, কর্মকর্তারা এয়ারপোর্ট হাইটস ড্রাইভের পাশের ফুটপাতে সিমন্ডসের মরদেহ এবং চারপাশে ছড়িয়ে থাকা গাড়ির যন্ত্রাংশ পান।
কাছের একটি ব্যাংকের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তারা দেখেন, একটি সাদা শেভি টাহো গাড়ি সিমন্ডসকে ধাক্কা দিচ্ছে এবং দুর্ঘটনার আগে বা পরে গাড়িটি ব্রেক করেনি।
গাড়িটির বর্ণনা আলাস্কা পাবলিক সেফটি ইনফরমেশন নেটওয়ার্কে খুঁজে পুলিশ জ্যাকের নামে নিবন্ধিত মিলে যাওয়া গাড়িটি অ্যাঙ্কোরেজের অ্যামাজন গুদামে পার্ক করা অবস্থায় পায়। গাড়িটি জব্দ করা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, জ্যাক পুলিশকে বলেছেন, ডোরড্যাশের হয়ে ডেলিভারি দিয়ে বাড়ি ফেরার পথে তিনি ‘কোনো কিছুকে’ ধাক্কা দেন, এতে তাঁর গাড়ির হেডলাইট ক্ষতিগ্রস্ত হয়। তিনি ভেবেছিলেন কোনো প্রাণীকে ধাক্কা দিয়েছেন, আর বীমা ছাড়া গাড়ি চালাচ্ছিলেন বলে থামেননি। হেডলাইট ছাড়া গাড়ি চালানো অনিরাপদ মনে হওয়ায় তিনি একটি লাল বাতিও অমান্য করেন বলে জানান।
জ্যাক আরও বলেন, কাজের পর দুর্ঘটনার কথা জানানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তাঁর বান্ধবী তাঁকে জানান যে তাঁর এসইউভি জব্দ করা হয়েছে, এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন, তিনি ‘সবচেয়ে খারাপটাই’ বুঝতে পেরেছিলেন।
আদালতের নথি অনুযায়ী, জ্যাকের বিরুদ্ধে ভুক্তভোগীকে সাহায্য না করে দুর্ঘটনাস্থল ছেড়ে যাওয়ার একটি গুরুতর (ফেলোনি) অভিযোগ এবং আঘাত বা মৃত্যুর ঘটনা ঘটিয়ে দুর্ঘটনাস্থল ছেড়ে যাওয়ার একটি লঘু (মিসডিমিনর) অভিযোগ রয়েছে।


