এআইয়ের যুগে কেন পড়বেন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মনে এখন প্রশ্ন জাগছে — কৃত্রিম বুদ্ধিমত্তা যখন মানুষের জায়গা দখল করে নিচ্ছে, তখন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা উন্নয়ন অধ্যয়নের মতো মানব ও সমাজকেন্দ্রিক বিষয়গুলোর প্রাসঙ্গিকতা কি ফুরিয়ে আসছে?
বাস্তবতা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা যত বেশি উন্নত হচ্ছে, মানবসমাজের জটিলতা, নৈতিক প্রশ্ন, নীতি প্রণয়ন ও সামাজিক মনস্তত্ত্ব অনুধাবনের প্রয়োজনীয়তা ততই বহুগুণ বেড়ে চলেছে। এআই কখনো মানুষের আবেগ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ক্ষমতার রাজনীতি ও সংস্কৃতির অন্তর্নিহিত বোধকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না।
এসব বিষয়ে পড়াশোনার অন্যতম বড় আকর্ষণ গবেষণা ও কাজের বৈচিত্র্যময় সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের ফলে সমাজে যে বৈষম্য, সাইবার অপরাধ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তার দীর্ঘমেয়াদি প্রভাব সমাজবিজ্ঞানের গবেষকেরা গভীরভাবে বিশ্লেষণ করছেন।
অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়নের মাধ্যমে ডিজিটাল যুগে গণতন্ত্রের ভবিষ্যৎ, ই-গভর্ন্যান্স, নীতি সংস্কার এবং জনকল্যাণমূলক প্রকল্পের সফলতা-ব্যর্থতা নিয়ে গবেষণা করার সুযোগ রয়েছে। এসব বিষয় মানবসমাজ, ক্ষমতাকাঠামোর রূপান্তর ও টেকসই উন্নয়নের মূল সূত্র উন্মোচন করে।
সরকারি চাকরি ও নীতিনির্ধারণী পর্যায়ে এসব বিষয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার, বিশেষ করে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্রসহ বিভিন্ন ক্যাডারে এসব বিষয়ের শিক্ষার্থীরা যুক্ত হন। পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানে নীতিনির্ধারক ও গবেষক হিসেবে এই গ্র্যাজুয়েটদের চাহিদা সব সময় শীর্ষে থাকে।
করপোরেট জগৎ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানেও সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আন্তর্জাতিক এনজিওগুলোতে প্রজেক্ট ডিরেক্টর, পলিসি অ্যানালিস্ট ও জেন্ডার স্পেশালিস্ট হিসেবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে এসব বিষয়ের শিক্ষার্থীদের জন্য।
এসব বিষয়ে বিশ্বজুড়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগও অনেক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর শিক্ষার্থীরা ফুল-ফান্ডেড স্কলারশিপ ও ফেলোশিপ পেয়ে থাকেন। ফুলব্রাইট, কমনওয়েলথ ও ইরাসমাস মুন্ডুসসহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তির মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যায়।
গবেষণার ক্ষেত্রে এসব বিষয়ের পরিধি অত্যন্ত বৈচিত্র্যময় ও যুগোপযোগী। বর্তমান ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার সামাজিক প্রভাব, ডিজিটাল গণতন্ত্র, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন, বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য, নগর উন্নয়ন ও জনস্বাস্থ্য নীতি নিয়ে বিশ্বমানের গবেষণার প্রচুর সুযোগ রয়েছে। আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান, থিঙ্কট্যাংক ও শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ গবেষকদের জন্য অনুদান ও পোস্টডক্টরাল ফেলোশিপও রয়েছে।
অনেকে মনে করেন, ভবিষ্যৎ শুধুই প্রযুক্তির হাতে। কিন্তু বাস্তবতা হলো, ভবিষ্যৎ প্রযুক্তি ও মানুষের যৌথ নির্মাণ। এআই আমাদের কাজের ধরন বদলাতে পারে, কিন্তু সমাজকে বোঝা, নীতি তৈরি করা, উন্নয়নের পথ নির্ধারণ করা কিংবা মানবিক মূল্যবোধ রক্ষা করার দায়িত্ব এখনো মানুষেরই।


