হুয়াংকে ফেরানো হচ্ছে না, জানাল এনভিডিয়া বোর্ড; তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় চিপ জায়ান্টের
চিপ জায়ান্ট এনভিডিয়ার বোর্ড চেয়ার হার্ভে জোন্স বলেছেন, জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বহাল করার কোনো ইচ্ছা কোম্পানির বোর্ডের নেই। কোম্পানির সর্বশেষ শক্তিশালী আয়ের ফলাফল ঘোষণার মধ্যে মঙ্গলবার এক আয়-সংক্রান্ত কলে তিনি এ কথা বলেন।
হার্ভে জোন্স বলেন, হুয়াংয়ের পদত্যাগ বোর্ড সর্বসম্মতভাবে গ্রহণ করেছে। তাঁর ভাষায়, ‘এনভিডিয়া বোর্ড সর্বসম্মতভাবে তাঁর পদত্যাগ গ্রহণ করেছে এবং জেনসেনকে সিইও হিসেবে পুনর্বহাল করার ইচ্ছা বোর্ডের নেই।’
জোন্স জানান, হুয়াং ‘স্বেচ্ছায় পদত্যাগ’ করেছেন এমন ব্যক্তিগত আচরণের কারণে, যা কোম্পানির আচরণবিধি, মানদণ্ড ও সাংস্কৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গত সপ্তাহে হুয়াংয়ের পদত্যাগের পর জোন্স এনভিডিয়ার ইতিহাসে প্রথম বোর্ড চেয়ার হিসেবে নিয়োগ পান।
তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় দাঁড়িয়েছে ১১৫.৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৩ শতাংশ বেশি। ২৫ অক্টোবর শেষ হওয়া এই প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৬৪.৯ বিলিয়ন ডলার, যা বছরওয়ারি হিসাবে ১০৯ শতাংশ বেড়েছে।
এনভিডিয়া জানিয়েছে, পরের প্রান্তিকে আয় ১৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করছে, যার হেরফের হতে পারে তিন শতাংশ পর্যন্ত। বর্তমানে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেসের নেতৃত্বে চলছে, আর বোর্ড স্থায়ী প্রধান নির্বাহী খুঁজছে।
এর আগে মঙ্গলবারই হুয়াং বলেছিলেন, বোর্ড শেয়ারহোল্ডারদের সর্বোত্তম স্বার্থে মনে করলে ফিরে আসতে তিনি ‘সম্মানিত’ বোধ করবেন। তাঁকে পুনর্বহালের দাবিতে একটি খোলা চিঠিতে প্রায় দুই লাখ মানুষ নাম যুক্ত করেছেন, যাদের মধ্যে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এবং এপিক গেমসের সিইও টিম সুইনি।
গত এক মাসে ৩০ শতাংশের বেশি পড়ে যাওয়া এনভিডিয়ার শেয়ার মঙ্গলবার ০.৪ শতাংশ কমে লেনদেন শেষ করে, তবে ঘণ্টা-পরবর্তী লেনদেনে তা ৪.৮ শতাংশ বেড়ে যায়।
গ্রানাইটশেয়ার্স অ্যাডভাইজর্সের প্রধান নির্বাহী উইল রিন্ড বলেন, ‘আয় খুবই শক্তিশালী ছিল এবং গত কয়েক সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাজারে যে অস্বস্তি তৈরি হয়েছিল, তা কাটাতে বাজারের ঠিক এটাই দরকার ছিল।’ তিনি আরও বলেন, হুয়াং ছাড়া আয়ের কলটি বিনিয়োগকারীদের কাছে ইঙ্গিত দিয়েছে যে তাঁকে ছাড়াও কোম্পানির ভিত্তি আগের মতোই মজবুত আছে।
এদিকে সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের সঙ্গে সম্পর্ক নিয়ে তীব্র নজরদারির মধ্যে রয়েছে এনভিডিয়া। অভিযোগ রয়েছে, মেগাস্পিড যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন করে উন্নত চিপ চীনে পাচার করেছে। সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ও বিচার বিভাগ নিশ্চিত করেছে, মেগাস্পিডের বিরুদ্ধে প্রসিকিউটররা ফৌজদারি তদন্ত শুরু করেছেন।
সোমবার ট্রাম্প প্রশাসন একটি আইনি ফাঁকও বন্ধ করেছে, যার মাধ্যমে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতারা তৃতীয় দেশের ডেটা সেন্টারে বসে দূর থেকে উন্নত চিপ ব্যবহার করতে পারত। ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির জারি করা নিয়মে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ব্রাজিলকে ‘পাচারের অগ্রহণযোগ্য ঝুঁকি’ থাকা রপ্তানি গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে; এসব দেশে উন্নত চিপ পাঠাতে হলে এখন রপ্তানি লাইসেন্স লাগবে।
সান ফ্রান্সিসকোর সিপোর্ট রিসার্চ পার্টনার্সের জ্যেষ্ঠ বিশ্লেষক জে গোল্ডবার্গ বলেছেন, চীনের উচ্চপ্রযুক্তির চিপ পাওয়ার ওপর এই কড়াকড়ি এনভিডিয়ার ব্যবসায় কতটা প্রভাব ফেলবে, বিনিয়োগকারীরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। তাঁর ভাষায়, পরের সিইও কে হবেন এবং চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর সঙ্গে এনভিডিয়ার সম্পৃক্ততা আসলে কতটা, তা পরিষ্কার না হওয়া পর্যন্ত এই ফলাফলের গুরুত্ব নিয়ে প্রশ্ন থেকে যাবে।
মেগাস্পিড কোনো অনিয়মের কথা অস্বীকার করে বলেছে, তাদের কার্যক্রম নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন ‘যাচাইযোগ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয়’। কোম্পানিটির সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং, যাঁর বিরুদ্ধে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার অভিযোগ উঠেছে, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বেইজিং গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে কলঙ্কিত ও হেয় করার উদ্দেশ্যে করা’ বলে অভিহিত করেছে।

