রাশিয়ার সাইবেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এর ১৭ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে বিধ্বস্ত উড়োজাহাজটিকে রুশ সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণাংশে ইয়াগুনোভো গ্রামের পার্শ্ববর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার বরাত দিয়ে দ্য কাস্পিয়ান পোস্টের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত হওয়ার আগেই উড়োজাহাজটিতে আগুনের সূত্রপাত ঘটে। একপর্যায়ে এটি দ্রুতগতিতে নিচে নামতে শুরু করে এবং ভূমিতে আছড়ে পড়ার পরপরই বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় একটি ‘বিমান দুর্ঘটনার’ বিষয়টি জানান। তিনি জানান, দুর্ঘটনাস্থলের দিকে তিনি যাত্রা করেছেন।
গভর্নর আরও জানান, দুর্ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতাসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

