বিয়ার ও স্পিরিটে কিডনির গুরুতর ক্ষতির ঝুঁকি বেশি, ওয়াইনে কম: গবেষণা

বিয়ার ও স্পিরিট পান করলে কিডনির গুরুতর ক্ষতির ঝুঁকি বাড়ে, অন্যদিকে ওয়াইন পান সেই ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত এই ফলাফল ওয়াইন পানে স্বাস্থ্য উপকারিতা আছে কি না, সেই দীর্ঘদিনের বিতর্ককে আবার সামনে এনেছে।
গবেষণা অনুযায়ী, যারা সপ্তাহে নয় ইউনিট স্পিরিট পান করেন, তাঁদের তীব্র কিডনি আঘাত বা অ্যাকিউট কিডনি ইনজুরিতে (একেআই) আক্রান্ত হওয়ার সম্ভাবনা সপ্তাহে মাত্র এক ইউনিট পানকারীদের তুলনায় ২৬ শতাংশ বেশি।
বিয়ারপ্রেমীরাও বেশি ঝুঁকিতে রয়েছেন। যারা সপ্তাহে ২৪ ইউনিট বিয়ার পান করেন, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সপ্তাহে তিন ইউনিট পানকারীদের তুলনায় ১৫ শতাংশ বেশি।
অন্যদিকে, সপ্তাহে ১৪ ইউনিটের কম লাল বা সাদা ওয়াইন পান করলে কিডনি ক্ষতির ঝুঁকি বাড়ে না। বরং তা ঝুঁকি কমায় বলেই মনে হয়েছে গবেষণায়।
কেমব্রিজের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণা করেছেন। তাঁরা তাঁদের গবেষণাপত্রে স্বীকার করেছেন, ‘অ্যালকোহল সেবন ও অ্যাকিউট কিডনি ইনজুরির মধ্যে সম্পর্ক বিতর্কিত।’
গবেষকেরা ইউকে বায়োব্যাংক গবেষণার মদ্যপানকারী ২ লাখ ৫০ হাজার ৭৯১ জন প্রাপ্তবয়স্কের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করেছেন এবং ১৪ বছর ধরে তাঁদের অনুসরণ করেছেন।
ড. রুডলফ শুটে ও তাঁর সহকর্মীরা দেখেছেন, ওয়াইন পানকারীরাও একই ঝুঁকিতে পড়েন, যদি তাঁরা সপ্তাহে ১৪ ইউনিটের বেশি পান করেন—যা যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তাদের সুপারিশ করা সর্বোচ্চ মদ্যপানের মাত্রা। গবেষকেরা সিদ্ধান্ত দিয়েছেন, ‘অ্যালকোহল সেবন ও একেআইয়ের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে।’ তবে তাঁরা জোর দিয়ে বলেছেন, তাঁরা কেবল একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন, এটি কার্যকারণ সম্পর্ক প্রমাণ করতে পারেননি।
ড. শুটে বলেন, ‘অ্যাকিউট কিডনি ইনজুরি একটি গুরুতর অবস্থা, যা দীর্ঘস্থায়ী কিডনি রোগ, কিডনি বিকল হওয়া এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। অ্যালকোহল ঐতিহ্যগতভাবে যকৃতের ওপর প্রভাবের মাধ্যমে কিডনি ক্ষতির সঙ্গে যুক্ত থাকলেও আমাদের গবেষণা বলছে, স্পিরিট ও বিয়ার প্রদাহজনিত পথে সরাসরি কিডনির ক্ষতিতে ভূমিকা রাখতে পারে।’
গবেষণায় দেখা গেছে, যাঁদের একেআইয়ের ঝুঁকি বেশি, তাঁদের শরীরে প্রদাহের সূচক সি-রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং নিউট্রোফিলের সংখ্যাও বেশি। গবেষকদের ভাষায়, ‘স্পিরিট ও বিয়ার এসব প্রদাহ সূচক বাড়ায় বলে মনে হয়, অন্যদিকে লাল ও সাদা ওয়াইন বিপরীত সুরক্ষামূলক সম্পর্ক দেখিয়েছে।’
তবে ইনস্টিটিউট অব অ্যালকোহল স্টাডিজের চেয়ার ড. পিটার রাইস লাল ওয়াইন অন্যান্য অ্যালকোহলের চেয়ে স্বাস্থ্যকর বলে মনে করা গবেষণাগুলোর ব্যাখ্যায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের গবেষণা করা কঠিন, কারণ ওয়াইন পানকারীদের সাধারণত খাদ্য ও কার্যকলাপজনিত ঝুঁকি কম থাকে এবং তাঁরা বেশি সচ্ছল হন। তাঁর ভাষায়, অ্যালকোহল অণুর শরীরের টিস্যুর ওপর প্রভাব পণ্যের ধরন অনুযায়ী বদলায় না, তাই স্বাস্থ্য ফলাফলের পার্থক্য প্রায়ই অন্যান্য ঝুঁকির কারণে, বিশেষ করে বঞ্চনার কারণে হয়।


