শেনজেনে শি ও পুতিনের বৈঠক, আগামীকাল ট্রাম্পসহ প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের দক্ষিণের শহর শেনজেনে আলোচনায় বসেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের এক দিন আগে বুধবার এই বৈঠক হলো।
চীনা ও রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বুধবার দুপুরের দিকে দুই নেতা আলোচনা শুরু করেন। এ বছর এটি তাঁদের পঞ্চম সাক্ষাৎ, যার একটি হয়েছিল ভিডিও লিংকের মাধ্যমে।
বৃহস্পতিবারের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে কিয়েভ ও ইউরোপীয় রাজধানীগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তিন নেতা ইউক্রেনকে বাদ দিয়েই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলতে পারেন এবং বিশ্বকে আধুনিক প্রভাববলয়ে ভাগ করে নিতে পারেন।
ওয়াশিংটন শুরুতে বলেছিল, ইউক্রেন আলোচ্যসূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে না। তবে ট্রাম্প পরে বলেন, ইউক্রেন প্রসঙ্গ উঠবে। শি এই যুদ্ধকে চীনের উদ্বেগের বিষয় বলে মনে করেন না।
বেইজিং শুধু বলেছে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) বৈঠকের ফাঁকে নেতারা ‘বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিগুলোর সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতা এগিয়ে নেওয়া’ নিয়ে গভীর মতবিনিময় করবেন।
ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বিপক্ষীয় পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইরান যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণও আলোচ্যসূচিতে রয়েছে। চীনের দীর্ঘদিনের যুক্তি, নিজেদের অস্ত্রভান্ডার সীমিত করার আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের অনেক বড় অস্ত্রভান্ডার কমাতে হবে।
অ্যাপেক অনুষ্ঠানের উদ্বোধনে শি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুক্ত বাণিজ্যে আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, চীন ‘গভীর সংস্কার’ অনুসরণ করবে, যার শুরু হবে শুল্ক কমানো, বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার মান নিয়ে কাজের মধ্য দিয়ে।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে পশ্চিমাদের এড়িয়ে চলা পুতিন অ্যাপেক সমাবেশে বলেন, তিনি আশা করেন ত্রিপক্ষীয় বৈঠকটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ হবে। সামরিক ও রাজনৈতিক ঝুঁকি বাড়তে থাকায় তিনি বলেন, ‘এখন বিভাজনের বদলে ঐক্য এবং চূড়ান্ত শর্তের বদলে সংলাপেরই তীব্র প্রয়োজন।’ তিনি আরও যুক্তি দেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে; এগুলো প্রবৃদ্ধি পুরোপুরি থামাতে বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অর্থনীতি ধ্বংস করতে পারেনি।
বুধবার ট্রাম্প তখনো ফিলিপাইনে ছিলেন, যেখানে তিনি ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে অংশ নেন। এর আগের দিন তিনি তাঁর দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের কোয়াড নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই গোষ্ঠীটিকে ব্যাপকভাবে এই অঞ্চলে চীনা প্রভাবের প্রতিভার হিসেবে দেখা হয়।
ট্রাম্প বলেন, তিনি শেনজেনে পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন—দুজনের সঙ্গেই একান্ত বৈঠকের আশা করেন। তিনি আরও বলেন, কিম চীনে সাক্ষাৎ করতে ‘চান’।
ম্যানিলায় বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিমের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা থেকে বিরত থাকেন, তবে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো সম্পৃক্ততা।
ট্রাম্পের সফর চলাকালে প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ করেন। তাঁদের হাতে ছিল ‘ট্রাম্প আউট নাউ’ ও ‘রিজেক্ট প্যাক্স সিলিকা’ লেখা ব্যানার। প্যাক্স সিলিকা হলো যুক্তরাষ্ট্রের একটি সরবরাহ শৃঙ্খল উদ্যোগ।


