নয়াবাজারে 'মেড ইন থাইল্যান্ড' মোড়কে বাংলাদেশে তৈরি ৪৪৪ রিম নকল কাগজ জব্দ

পুরান ঢাকার নয়াবাজারে 'মেড ইন থাইল্যান্ড' লেখা মোড়কে বাংলাদেশে তৈরি ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। কাগজগুলোতে বিদেশি 'ডাবল এ' ব্র্যান্ডের নাম ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করা হয়েছিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নয়াবাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব কাগজ আটক করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মুখপাত্র মো. আল আমিন শেখ।
সিআইআইডি জানায়, অভিযানে দুটি প্রতিষ্ঠানে 'ডাবল এ' ব্র্যান্ডের নাম ও 'মেড ইন থাইল্যান্ড' লেখা কাগজ পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, এসব কাগজ বাংলাদেশে তৈরি।
দুটি অভিযানের মধ্যে প্রথমটিতে ১৮৪ রিম এবং দ্বিতীয়টিতে ২৬০ রিম কাগজ আটক করা হয়। সব মিলিয়ে আটক করা কাগজের পরিমাণ ৪৪৪ রিম।
সিআইআইডির ভাষ্য, স্থানীয়ভাবে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের পরিচয় ব্যবহার করে তা বাজারজাত করা হচ্ছিল। এভাবে দেশীয় পণ্যে মিথ্যা পরিচয় ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এতে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে মনে করছে সিআইআইডি। এসব প্রতিষ্ঠান শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।




