ঢাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজন: বসুন্ধরায় দুটি ককটেল উদ্ধার, উত্তরখানে যুবলীগ নেতা আটক
রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাটারা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজন গ্রেপ্তার হন এবং একজনের কাছ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। একই সন্ধ্যায় উত্তরখান এলাকা থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে (২১) গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় দিপু তালুকদার বন্যার হেফাজত থেকে লাল ও হলুদ স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
একই এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে মুফতি রুহুল আমিনকে (৬২) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বসুন্ধরার অভিযানে দুজনকে গ্রেপ্তারের তথ্য জানান। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে উত্তরখান থানার হেলাল মার্কেট এলাকা থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবিউল ইসলাম রবিকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল উত্তরখানের ওজাপাড়া এলাকার বাসিন্দা রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বাড়ির প্রবেশপথের দেয়ালে আঘাত হেনে বিস্ফোরিত হয় এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, ওই দলের সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিউল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর হেলাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।




