…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠপর্যায়ে পুলিশ সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারিতে রাখার পাশাপাশি অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

গত দুই দিনে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এর পর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। কার্যক্রম নিষিদ্ধ দলটি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা করছে।

গত রোববার গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠি, বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও সহিংসতা করেন। মঙ্গলবার জেলার টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়াসহ আরও কয়েকটি স্থানে নাশকতা চালানো হয়।

অনলাইনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দেওয়া কর্মসূচিকে কেন্দ্র করে ভীতি ছড়াতে এসব নাশকতা চালানো হচ্ছে বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা।

সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা ঠেকাতে মাঠপর্যায়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের মধ্যে থেকে নানামুখী কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জকে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে প্রাণহানি ঘটলে আওয়ামী লীগ সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য ধরে এগোনোর পাশাপাশি সহিংসতা ও জনসাধারণের চলাচলে বাধা মোকাবিলায় প্রস্তুতি রাখা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, সাম্প্রতিক নাশকতার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে জেলা পুলিশ সুপারদের (এসপি) মামলার আসামিদের গ্রেপ্তার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বাইরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সাঁজোয়া যান, বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের একটি জেলার পুলিশ সুপার বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

রাজশাহী রেঞ্জের একটি জেলার পুলিশ সুপার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতা-কর্মী বিভিন্ন মামলার আসামি, তাঁদের গ্রেপ্তারে সদর দপ্তরের নির্দেশনা এসেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের কাছে তথ্য রয়েছে, এসব নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছেন।

রাজধানীতেও পুলিশের নিয়মিত গ্রেপ্তার অভিযান বেড়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র বলছে, গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে গত সোমবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুন মুনিরা আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে নাশকতা ঘটাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ বলেন, ডিসেম্বরকেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও এসআরবি সম্মিলিতভাবে কাজ করছে। বোমা ও ককটেল হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

এদিকে পুলিশের বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০২৪ সালের আগস্টের ঘটনায় পুলিশ বাহিনীর অনেক সদস্যের মধ্যে এখনো ভীতি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ দলের লোকজন। এর আগে রোববার মামলার বাদী ওই থানার এক উপপরিদর্শককে কোপানো হয়েছে। ফলে হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। আবার বাহিনীতে কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগ রাখা কিছু সদস্যও রয়েছেন। ফলে সহিংস পরিস্থিতিতে সবাই সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন, এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না।

বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের পদস্থ কোনো কর্মকর্তা সরাসরি মন্তব্য করতে অপারগতা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক পদস্থ কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ভয় থাকাটা অস্বাভাবিক নয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর ভুক্তভোগী ও অভিযুক্ত দুই তালিকাতেই পুলিশের নাম রয়েছে। সবাই যদি বাহিনীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করত, তাহলে এ ধরনের সমস্যা থাকত না।’

সহিংসতা হলে সরকার কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে কেউ সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মেহেরপুর সীমান্ত থেকে ঢাকায় আনা গানপাউডার বাথরুমে পরীক্ষা, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

মেহেরপুর সীমান্ত থেকে ঢাকায় আনা গানপাউডার বাথরুমে পরীক্ষা, নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার তিনজন

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার। এ ঘটনায় তিনজনকে গ্…

কদমতলীর জুরাইনে তালাবদ্ধ ঘর থেকে অটোরিকশাচালক জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

কদমতলীর জুরাইনে তালাবদ্ধ ঘর থেকে অটোরিকশাচালক জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার একটি বাসা থেকে জনি (২৯) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে এই হত্…

আইন ও অপরাধ

ঢাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজন: বসুন্ধরায় দুটি ককটেল উদ্ধার, উত্তরখানে যুবলীগ নেতা আটক

রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাটারা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত…

মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পোশাকশ্রমিক নূপুরকে কুপিয়ে জখম, অভিযুক্ত রায়হান আটক
আইন ও অপরাধ

মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পোশাকশ্রমিক নূপুরকে কুপিয়ে জখম, অভিযুক্ত রায়হান আটক

রাজধানীর মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী পোশাকশ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্…