কদমতলীর জুরাইনে তালাবদ্ধ ঘর থেকে অটোরিকশাচালক জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার একটি বাসা থেকে জনি (২৯) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কদমতলি পূর্ব জুরাইন মদিনা মসজিদ রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন খান জানান, নিহত জনি জুরাইনের ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন এবং অটোরিকশা চালাতেন। এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী চার বছরের মেয়েকে নিয়ে কাঁচপুরে বাবার বাড়ি যান।
এসআই আল আমিন খান জানান, আজ সকাল থেকে জনির ফোন বন্ধ পেয়ে তাঁর স্ত্রী ও স্বজনেরা জুরাইনের বাসায় আসেন। বাসার কক্ষটি তালাবদ্ধ থাকায় জানালার ফাঁক দিয়ে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্বজনেরা। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হয়।
পুলিশ জানায়, জুরাইনের ওই বাসার পঞ্চম তলার একটি রুমের তালা ভেঙে ভেতরে জনির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। জনির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং রুমের ভেতরে একটি রক্তমাখা কেঁচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
এসআই আল আমিন খান বলেন, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে মাদক খাওয়া নিয়ে দ্বন্দ্বে জনিকে খুন করা হয় এবং রুমটি বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে যাওয়া হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে বলে তিনি জানান।
নিহত জনির ভায়রা মো. সুজন জানান, জনিদের স্থানীয় বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মিরেরবাগ বালুরচড় এলাকায়, তাঁর বাবার নাম জাহাঙ্গীর। বর্তমানে পূর্ব জুরাইনের ওই বাসায় স্ত্রী রোকেয়া ও চার বছরের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন জনি।
সুজন আরও জানান, এক সপ্তাহ আগে জনির স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি নারায়ণগঞ্জের কাঁচপুরে যান। আজ রিকশার মালিক জনির স্ত্রীকে ফোন দিয়ে বলেন, দুই দিন ধরে রিকশা গ্যারেজে জমা দেন না জনি এবং তাঁর ফোনও বন্ধ। এই খবর পেয়ে স্ত্রী রোকেয়া জুরাইনের বাসায় গিয়ে মরদেহ দেখতে পান।




