মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পোশাকশ্রমিক নূপুরকে কুপিয়ে জখম, অভিযুক্ত রায়হান আটক

রাজধানীর মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী পোশাকশ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকায়। আহত তরুণীর নাম নূপুর (২২)। তিনি ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা এবং মিরপুরের সরদার অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।
আটক যুবকের নাম রায়হান (২৫)। তিনিও একই কারখানায় কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারখানা থেকে খাবার খেতে বাসায় ফেরার পথে শিয়ালবাড়ী এলাকায় নূপুরের পথ রোধ করেন রায়হান। এ সময় সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তিনি তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন নারী শ্রমিক একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে এক যুবক এসে এক নারীকে কোপাতে শুরু করেন। কয়েকটি কোপের পর ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও তাঁকে আঘাত করা থামেনি। এ সময় দুজন এগিয়ে এলেও পরে সরে যান।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, এটি কোনো শ্রমিক অসন্তোষ বা কারখানার অভ্যন্তরীণ বিরোধের ঘটনা নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত তিন বছর ধরে রায়হান ও নূপুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রায়হানের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তিনি এই হামলা চালান বলে পুলিশের ভাষ্য।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রায়হান নামের ওই যুবককে আটক করা হয়েছে এবং নূপুর চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, এটি প্রেম-ভালোবাসাসংক্রান্ত ঘটনা। এ নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।




