ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে শেনজেনে মুক্ত বাণিজ্যের পক্ষে সি, পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর বললেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্য সুরক্ষাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে সি মুক্ত বাণিজ্যের পক্ষে বক্তব্য দেন, আর পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর আখ্যা দিয়ে ইউরোপের পতনের সমালোচনা করেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্পের চীনে পৌঁছানোর কথা রয়েছে।
তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার ভিত্তি তৈরি হয়েছিল। ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করে বৃহৎ শক্তিগুলোর সমঝোতার প্রতীক হিসেবেও ইয়াল্টা পরিচিত, ফলে ইউরোপ ও এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সি চিন পিং মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য বজায় রাখার আহ্বান জানান। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি ও আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির বিপরীতে চীনকে স্থিতিশীল বৈশ্বিক অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি।
ব্যবসায়ী নেতাদের উদ্দেশে সি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে, মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগে সমর্থন জানাতে হবে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
এর আগে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত এআই চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করতে নতুন বিধিনিষেধ ঘোষণা করে ওয়াশিংটন। এতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর বাণিজ্যিক সমঝোতা আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনও পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।
পশ্চিমা বাণিজ্যিক অংশীদারদের অভিযোগ, চীন নিজেদের উৎপাদন খাতকে সুবিধা দিতে গিয়ে ভোক্তাদের স্বার্থ উপেক্ষা করছে এবং দেশটির বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন ডলারের বেশি হয়েছে। বেইজিংয়ের দাবি, ধনী অর্থনীতিগুলোর সঙ্গে ব্যবধান কমিয়ে আনার প্রক্রিয়ায় থাকা দেশের জন্য তাদের প্রবৃদ্ধির মডেল উপযুক্ত। সি বলেন, চীন শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে, এমন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে যা অন্য দেশও ব্যবহার করে উপকৃত হতে পারবে, শুল্ক কমাবে ও বাজার আরও উন্মুক্ত করবে এবং বাণিজ্য সুরক্ষাবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নেবে।
এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের অংশীদার ও চেয়ারম্যান জর্জ চেন বলেন, সির এই বার্তা বৈশ্বিক দক্ষিণের অনেক দেশের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং ওয়াশিংটনের প্রযুক্তি কৌশলের বিপরীতে চীনের নিজস্ব প্রযুক্তি উন্নয়ন কৌশলকে তুলে ধরার প্রচেষ্টাও জোরদার হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটি ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগ এবং সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের বিষয়টি দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে। তবে অধিকাংশ বিশ্লেষকের ধারণা, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকবে। বৃহস্পতিবার শেনজেনে বৈঠকের পর আগামী ডিসেম্বরে মিয়ামিতে জি-২০ সম্মেলনে ট্রাম্প ও সির চলতি বছরের চতুর্থ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সির পর বক্তব্য দেন পুতিন। এর আগে ইউক্রেন রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সড়কসেতু ধ্বংস করেছে, যা চার বছর ধরে চলা যুদ্ধে মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। পুতিন পশ্চিমা শক্তিগুলোকে সাবেক আধিপত্যবাদী শক্তি আখ্যা দিয়ে বলেন, ইউরোপ অপমানজনক পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ইউক্রেনে আগ্রাসনের পর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা উল্টো ফল দিয়েছে এবং রাশিয়াকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ কিছুটা বাধা তৈরি করতে পারলেও কোনো দেশের প্রবৃদ্ধি থামাতে বা প্রতিযোগী দেশের অর্থনীতি ধ্বংস করতে পারে না।
রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের বৈঠককে ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করাকে ক্রেমলিন চলতি সপ্তাহে রাজনৈতিক বিশ্লেষকদের খেলা বলে উড়িয়ে দিলেও বৈঠকটি বৈশ্বিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলবে বলে জানিয়েছে। বেইজিংয়ের ভাষায়, এই ত্রিপক্ষীয় বৈঠকের যুগান্তকারী গুরুত্ব রয়েছে এবং এটি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প, তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। মঙ্গলবার তাইওয়ান ও জাপান তাদের আকাশসীমায় রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ জানিয়েছে।
পুতিন বর্তমান বিশ্বকে অস্থির হিসেবে বর্ণনা করে বলেন, বৈশ্বিক অর্থনীতি ক্রমেই বিভক্ত হচ্ছে এবং সামরিক-রাজনৈতিক ঝুঁকি বাড়ছে। তবে দেশগুলোর মধ্যে মতবিরোধ আলোচনার টেবিলে বসে সমাধান করা সম্ভব। তিনি বলেন, এ কারণেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক থেকে তিনি বড় ধরনের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা দেখছেন।


