ভারতে নবায়নযোগ্য জ্বালানিতে আরও ৭০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের
ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। নিজস্ব কার্যক্রমে বিদ্যুৎ ব্যবহারের ফলে সৃষ্ট কার্বন নিঃসরণ কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিনিয়োগের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যামাজনের ডেটা সেন্টার, লজিস্টিকস ও অন্যান্য কার্যক্রমে ব্যবহৃত বিদ্যুতের পরিবেশগত প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হবে।
ভারত চলতি দশকের শেষ নাগাদ ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ লক্ষ্য বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন।
অ্যামাজন জানিয়েছে, নতুন ৭০০ কোটি ডলারের বিনিয়োগ ভারতে আগে ঘোষিত ৪০০ কোটি ডলারের নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির অতিরিক্ত। এ অর্থের মাধ্যমে দেশটিতে আরও বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তোলা হবে।
আগের বিনিয়োগ কর্মসূচির অংশ হিসেবে নতুন করে চারটি বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে অ্যামাজন। এসব প্রকল্পের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ৯৩৪ মেগাওয়াট।
অ্যামাজনের প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা কারা হার্স্ট বলেন, ‘ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে আমাদের বিনিয়োগের পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা, পরিকল্পনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা।’ তিনি আরও বলেন, ‘অতিরিক্ত ৭০০ কোটি ডলারের এ বিনিয়োগ ভারতে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে নতুন বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে অ্যামাজন।’
গত এক দশকে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটিতে স্থাপিত মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৫৪ শতাংশের বেশি এখন জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে আসে। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুৎ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


