বরিশালে আদালত থেকে বাসার পথে নিখোঁজ সিভিল জজ শেখ ফারহানা নাদীম, খোঁজ নিচ্ছে পুলিশ
বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে তিনি বাসার উদ্দেশে রওনা হলেও রাত পর্যন্ত বাসায় ফেরেননি।
বুধবার (১৮ নভেম্বর) সকালেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস।
সঞ্জীব কুমার দাস জানান, মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বিচারক শেখ ফারহানা নাদীম বাসার উদ্দেশে রওনা হন। তবে রাত পর্যন্ত তিনি বাসায় না ফেরায় আদালতের নাজিরসহ অন্য কর্মকর্তারা তাঁর খোঁজ নেওয়ার চেষ্টা করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, আজ সকাল পর্যন্ত বিচারক বাসা কিংবা আদালতে পৌঁছাননি।
আবুল কালাম আজাদ আরও জানান, বিষয়টি জানার পর আদালতের নাজির কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা বিচারককে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বলে জানান পুলিশ কমিশনার।



