বরিশালে গ্রামীণ ব্যাংক ভবন ও বিএম কলেজে পেট্রোল ঢেলে আগুন, গ্রামীণ ব্যাংকের মামলা

বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ভবন ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৃথক দুটি ঘটনা ঘটে। আগুন দ্রুত নেভানো হওয়ায় তা ছড়িয়ে পড়েনি।
ঢাকা-বরিশাল মহাসড়কের নগর অংশটি সিঅ্যান্ডবি রোড নামে পরিচিত। সেই সড়কের পাশে চারতলা একটি ভবনের পুরোটাই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। ভবনটির নিচতলার প্রবেশপথে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়েছিল।
বুধবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে নৈশপ্রহরী মো. জিসানকে পাওয়া যায়। তাঁর ভাষ্য, ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস এবং দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত জোনাল অফিস।
জিসান বলেন, রাত সাড়ে চারটার পর তিনি কার্যালয়ের ভেতরে গিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ধোঁয়ার গন্ধ পেয়ে দরজা খুলে দেখেন, প্রবেশপথের বারান্দায় দাহ্য পদার্থের ওপর আগুন জ্বলছে।
জিসানের ধারণা, বাইরে থেকে গ্রিলের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি একাই তা নিভিয়ে ফেলেন। পরে খবর পেয়ে কার্যালয়ের কর্মকর্তারা সেখানে পৌঁছান।
গ্রামীণ ব্যাংকের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জোনাল অফিসের কর্মকর্তা পরিচয় দেওয়া আবুল বাশার বলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে প্রধান কার্যালয় থেকে নিষেধ করা হয়েছে।
এদিকে বিএম কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জন যুবক মসজিদ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা অধ্যক্ষের বাসভবনের সামনে থাকা নামফলক ভেঙে ফেলেন।
কলেজ সূত্রের ভাষ্য, হামলাকারী যুবকেরা গেটের কাছে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করেছিলেন।
অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, রাত আনুমানিক তিনটার দিকে একদল অজ্ঞাত যুবক বিশৃঙ্খলা করতে কলেজে ঢোকার চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে তাঁরা বাসভবনের নামফলক ভেঙে ফেলেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করবে বলে তিনি জানান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার সাজ্জাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। বিএম কলেজের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি বলে তিনি জানান।




