বরিশালে বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি; সিসিটিভিতে শেষ দেখা বাংলাবাজারে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সিনিয়র জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিটি করেছেন জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান। তিনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় জিডিটি করেন বলে জানা গেছে।
শেখ ফারহান নাদিম উজিরপুর ও মেহেন্দীগঞ্জের সিভিল জজ আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ আদালতে কর্মরতদের বরাত দিয়ে বলেন, গত মঙ্গলবার সকাল ১০টায় আদালতে আসেন বিচারক ফারহান নাদিম। বিচারের কাজ শেষ করে তিনি আদালত প্রাঙ্গণ থেকে বের হন।
আবুল কালাম আজাদের ভাষ্য অনুযায়ী, যথারীতি তাঁর বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু রাত ১০টায় তাঁর স্ত্রী আদালতে তাঁর সহকর্মী বিচারকদের কাছে ফারহানের অবস্থান জানতে চান।
এরপর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তখন বিষয়টি সবাইকে জানানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী রাসেল সিকদার বলেন, মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ করে মাগরিবের নামাজ আদায় করেন বিচারক শেখ ফারহান নাদিম।
রাসেল সিকদারের ভাষ্য, বিচারকের নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় ভাড়া বাসায় ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন তিনি বাসায় ফেরেননি।
তিনি আরও বলেন, রাত ১০টায় বিচারকের স্ত্রী মোবাইল ফোনে তাঁর সহকর্মী বিচারকদের বিষয়টি জানান। এরপর বিচারক থেকে শুরু করে আদালতসংশ্লিষ্টরা তাঁর সন্ধানে নামেন এবং বিষয়টি পুলিশকেও জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আদালতের কার্যক্রম শেষ করে মঙ্গলবার বিকালে রিকশাযোগে বের হন বিচারক শেখ ফারহান নাদিম।
ওসির ভাষ্য অনুযায়ী, তিনি নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় তাঁকে দেখা যায়। এরপর তাঁর আর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকেই বিচারকের অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে। নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও হাসপাতালেও তাঁর সন্ধান চালানো হয়েছে।
ওসি বলেন, গত মঙ্গলবার বিকাল ৫টায় বিচারকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এ কারণে মোবাইল নম্বর ব্যবহার করে কোনো তথ্য সংগ্রহ করা যাচ্ছে না। তারপরও তাঁর সন্ধানে পুলিশের চেষ্টা চলছে।



