শেয়ারবাজারে কারসাজির জরিমানা বহাল হাইকোর্টে, ২২ রিট খারিজ করে রায়ে বলা হলো দেওয়ানি জরিমানার এখতিয়ার বিএসইসির আছে
শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বিনিয়োগকারীদের ওপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপ করা জরিমানা বহাল রেখেছেন হাইকোর্ট।
জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে করা ২২টি রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত এবং একই সঙ্গে এসব মামলায় আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ ২০২৫ সালের ৬ নভেম্বর এ রায় দেন। সম্প্রতি প্রকাশিত ১৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে।
হাইকোর্ট বলেছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ অনুযায়ী শেয়ারবাজারে আইন লঙ্ঘনের ঘটনায় বিএসইসি দেওয়ানি জরিমানা আরোপ করতে পারে অথবা ফৌজদারি মামলা করতে পারে। কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা কমিশনের এখতিয়ার ও বিবেচনার বিষয়।
রায়ের বিবরণ অনুযায়ী, আবেদনকারীরা শেয়ারবাজারের বিনিয়োগকারী। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ শেয়ার কেনার মাধ্যমে বাজারে কৃত্রিমভাবে লেনদেন ও দাম বাড়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে।
এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সংশ্লিষ্ট শেয়ারের দাম আরও বাড়বে—এমন ধারণা সৃষ্টি হতে পারে বলে মনে করে বিএসইসি।
এসব অভিযোগে কমিশন সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কারণ দর্শানোর নোটিশ দেয়। তাদের লিখিত জবাব গ্রহণ এবং ব্যক্তিগত শুনানির পর বিভিন্ন অঙ্কের জরিমানা আরোপ করা হয়।
পরে জরিমানার আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হলেও কমিশন তা খারিজ করে আগের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর জরিমানা আরোপ ও পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২২টি রিট আবেদন করা হয়।
রিট আবেদনকারীদের আইনজীবীদের যুক্তি ছিল, শেয়ারবাজারের আইন লঙ্ঘনের অভিযোগ থাকলে বিএসইসির ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা উচিত ছিল। এ ছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি কত পরিমাণ শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন, সে বিষয়ে আইনে নিষেধাজ্ঞা নেই বলে তারা যুক্তি দেন।
অন্যদিকে বিএসইসির আইনজীবীরা আদালতকে বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২২ ধারায় দেওয়ানি জরিমানা এবং ২৪ ধারায় ফৌজদারি দায়ের বিধান রয়েছে এবং আইন লঙ্ঘনের ঘটনায় কমিশন এই দুই ধরনের ব্যবস্থার যেকোনো একটি গ্রহণ করতে পারে।
আদালত পর্যবেক্ষণে বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, পুঁজিবাজার নিয়ন্ত্রণ এবং প্রতারণা ও কারসাজিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা। সাধারণ বিনিয়োগকারীরা যাতে তাঁদের সঞ্চয় হারিয়ে সর্বস্বান্ত না হন, সেটিও এই আইনের অন্যতম উদ্দেশ্য।
প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘনের অভিযোগও খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিরুদ্ধে বিএসইসি কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল, তারা লিখিত জবাব দিয়েছেন এবং ব্যক্তিগত শুনানির সুযোগও পেয়েছেন, ফলে এ ক্ষেত্রে প্রক্রিয়াগত কোনো অনিয়ম খুঁজে পাননি আদালত।
রায়ে আদালত আরও বলেন, বিনিয়োগকারীরা প্রকৃতপক্ষে সৎ উদ্দেশ্যে শেয়ার কিনেছিলেন, নাকি তাদের কর্মকাণ্ডে বাজারে কারসাজি হয়েছে—এটি মূলত তথ্য ও প্রমাণনির্ভর বিরোধ, যা রিট এখতিয়ারে নিষ্পত্তি করা যায় না। সব দিক বিবেচনায় ২২টি রিট আবেদনের কোনো গ্রহণযোগ্যতা খুঁজে না পেয়ে আদালত সব রুল খারিজ করে দেন।


