‘আমরা ফিরে যেতে চাই’: আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা মামলার রায়ের দিকে তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গারা
প্রায় এক দশক ধরে নির্বাসনে থাকা রোহিঙ্গা শরণার্থীরা আশা করছেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাদের পক্ষে রায় দেবেন।
কক্সবাজার ও ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, দিল হোসেন ও তার স্ত্রী আলিন্নেসা ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সামরিক অভিযানের সময় নবজাতক কন্যা ইশারাকে নিয়ে পালিয়ে এসেছিলেন।
দিলের বৃদ্ধ বাবা-মা পালাতে পারেননি এবং পরিবারটি পালানোর সময় আরও কয়েকজন আত্মীয়সহ তারা নিহত হন। আলিন্নেসা বলেন, ‘শিশুটিকে আমাদের সঙ্গে বেঁধে আমরা কাদা, পাহাড় ও পানির মধ্য দিয়ে প্রাণ বাঁচাতে ছুটেছিলাম।’
প্রায় নয় বছর পর ইশারা এখন কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে বড় হচ্ছে, জন্মভূমির গ্রাম থেকে অনেক দূরে। সে তার প্রায় পুরো জীবন নির্বাসনে কাটিয়েছে। তার বাবা-মা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল, যা সাম্প্রতিক বছরগুলোতে তীব্রভাবে কমে গেছে, এবং তারা দেশে ফেরার সুযোগের অপেক্ষায় আছেন।
পরিবারটি এখন আশা করছে, আইসিজে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে স্বীকৃতি দেবে। বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার আনা ঐতিহাসিক গণহত্যা মামলার রায় দেওয়ার কথা রয়েছে।
গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করে অভিযোগ করে যে মিয়ানমার তার সামরিক ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের দ্বারা ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
অভিযোগগুলো ২০১৬ সালে শুরু হয়ে ২০১৭ সালের আগস্টে তীব্র হওয়া তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নিয়ে, যেগুলোতে রোহিঙ্গাদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে গাম্বিয়া বলেছে। মামলায় কনভেনশনের অধীনে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারণ করতে আদালতকে বলা হয়েছে।
দিল বলেন, ‘আদালত সত্য খুঁজে পাবেন। আমরা ভুগেছি, তাই আমরা জানি’—বিচারকরা রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে স্বীকৃতি দেবেন বলে আস্থা প্রকাশ করে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন, তাদের বেশিরভাগই কক্সবাজারের শিবিরগুলোতে। অনেকে আশা করছেন, তাদের পক্ষে রায় এলে তাদের দুর্ভোগের স্বীকৃতি মিলবে এবং দেশে ফেরার দাবি শক্তিশালী হবে।
তবে এমনকি তাদের পক্ষে একটি ঐতিহাসিক আইনি রায়ও তাদের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন নাও আনতে পারে। মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী একই সামরিক বাহিনী ক্ষমতায় রয়েছে, ফলে নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনা দূরবর্তী রয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
শিবিরগুলোতে মানবিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করা ২৫ বছর বয়সী নুরুল আমিন বলেন, মিয়ানমারে তার আগের জীবনের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য তীব্র। তিনি বলেন, ‘বাড়িতে আমাদের ঘর, বড় গাছ, বাগান ও কৃষিজমি ছিল। আমরা নিজেদের খাবার নিজেরাই ফলাতে পারতাম এবং অন্যের ওপর নির্ভর করতে হতো না। আমরা স্বনির্ভর ছিলাম। এখানে প্রায় সবকিছুর জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়। পার্থক্যটা স্বর্গ ও পৃথিবীর মতো।’
বছরের পর বছর বাস্তুচ্যুত থাকা তার মানসিক সুস্থতার ওপরও প্রভাব ফেলেছে বলে তিনি বলেন, ‘এটা ২৪ ঘণ্টার বিষণ্নতা। মনে হয় আমরা আমাদের পৃথিবী হারিয়েছি, পৃথিবী আমাদের পরিত্যাগ করেছে।’
এখন ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান সামরিক অভিযান শুরুর সময় শিশু ছিলেন, কিন্তু তার স্পষ্ট স্মৃতি রয়ে গেছে বলে তিনি বলেন। তিনি বলেন, ‘সবচেয়ে ভয়াবহ যা দেখেছিলাম তা হলো ঘরবাড়ি পোড়ানো। এতে আমি সত্যিই ভয় পেয়েছিলাম। আমি তখন খুব ছোট ছিলাম এবং সেই দৃশ্যগুলো আমাকে মানসিকভাবে আঘাত করেছে।’
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, সম্প্রদায়টি আত্মবিশ্বাসী যে আদালত তাদের ভোগান্তিকে স্বীকৃতি দেবেন। তিনি বলেন, ‘তারা আমাদের বাঙালি বলে গণহত্যা চালিয়েছে। আমরা নিজের চোখে গণহত্যা দেখেছি। আমরা তা ভোগ করেছি। যথেষ্ট প্রমাণ ও সাক্ষ্য রয়েছে।’
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা ও রোহিঙ্গা অধিকারকর্মী নে সান লুইন বলেন, অর্থবহ ন্যায়বিচারের জন্য শুধু আদালতের রায়ের চেয়ে বেশি কিছু প্রয়োজন হবে। তিনি বলেন, ‘আমাদের জন্য অর্থবহ ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়। এর মানে আমাদের পরিচয়ের স্বীকৃতি, আমাদের অধিকার পুনরুদ্ধার, প্রতিটি ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার এবং নিরাপদে নিজ মাতৃভূমিতে ফিরে জীবন পুনর্গঠন করে শান্তি ও মর্যাদায় বসবাসের সুযোগ।’

